যশোরের দুটি আসনে প্রভাব বিস্তারের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের দুটি আসনে প্রভাব বিস্তারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। আজ সন্ধ্যায় যশোর প্রেসক্লাব ও কেশবপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন যশোর -৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী ও যশোর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম।
যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এস এম ইয়াকুব আলী সংবাদ সম্মেলনে দাবি করেন বিগত কয়েকদিন মনিরামপুরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভোটের আগের দিন অর্থাৎ শনিবার সকাল থেকে আমার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করা হচ্ছে এবং ভোটারদের ভোটের মাঠে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। নৌকার কর্মীরা আমার কয়েকজন নেতাকর্মীকে প্রাণ নাসের হুমকি দিচ্ছেন।
ইয়াকুব আলী আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে ভোটের দিন নৌকার সমার্থকরা মনিরামপুরের বেশ কয়েকটি কেন্দ্র জোড়পূর্বক দখল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পারে। আমরা ধারণা করছি মনিরামপুরের ৪৮ টি ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। লিখিতভাবে প্রশাসনের নিকট কোন অভিযোগ না করলেও মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে।
এদিকে কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আজিজুল ইসলাম দাবি করেন, নৌকার প্রার্থী শাহীন চাকলাদার সন্ত্রাসীদের এনে জড়ো করেছিলেন। তারা হুমকি ধামকি দিয়ে ভোটারদের ভীতসন্ত্রস্ত করে। এবং গ্রামে গ্রামে গিয়ে মিটিং করছে ও সাংবাদিক পরিচয় টাকা ছড়িয়ে বেড়াচ্ছে। এ অবস্থায় ভোটগ্রহণের পরিবেশ নিয়ে শংকা প্রকাশ করেছেন তিনি।
যুবনেতার মৃত্যুবার্ষিকীতে নগর যুবলীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম দুলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর যুবলীগ। গতকাল শনিবার বাদ যোহর নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, যুবনেতা আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, অভিজিৎ পাল, মামুন কবির কচি, ইলিয়াস হোসেন লাবু, রবিউল ইসলাম লিটন, এজাজ আহম্মেদ, কাঞ্চন শিকদার, মাসুম আহম্মেদ ডলার, আনিসুর রহমান, জামিল আহমেদ সোহাগ, আমিনুর রহমান সুমন, মহানগর ছাত্রলীগ নেতা, শেখ আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, ঝলক বিশ্বাস, জহির আব্বাস, হিরন হাওলাদার, এম এন আল আমিন, মিজানুর রহমান রাজা, সুমন ব্যাপারী, মোত্তাদুল ইসলাম সোহাগ, মাসুম আহমেদ বাবু, একরামুল আলম, শফিকুল ইসলাম সুমন, সুমন হোসেন প্রমুখ।
রূপসার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসায় বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন জ্বালিয়ে আতংক ছড়ানোর চেস্টা দুর্বৃত্তদের। ০৫ জানুয়ারি শুক্রবার রাত ৮:৩০ ঘটিকায় ঘটনাটি ঘটে।
জানাগেছে, খুলনার রূপসা উপজেলায় বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ভোট কেন্দ্রে যেখানে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্ট করতে দুর্বৃত্তরা চেষ্টা চালায়।
রূপসা থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা ওই বিদ্যালয়ে কেরোসিন সহকারে আগুন দেওয়ার চেষ্টা করে। এ বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিলো। তবে নৈশ প্রহরীর ডাক চিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাগেরহাট-৩ আসনের ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টিতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার (উপজেলা নির্বাহী অফিসার) কার্যালয় থেকে সকল সরঞ্জামাদী সরবরাহ করছেন তারা। দুই উপজেলায় ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টিতে ব্যালট পেপার সরবরাহ করা হচ্ছে আজ(শনিবার ৬ জানুয়ারী)। আর বাকি ৬৭টি কেন্দ্রের ব্যালটসহ সকল প্রকার সরঞ্জাম রবিবার (৭ জানুয়ারি) সকালে পাঠানো হবে। তবে কেন্দ্রোগুলোর ব্যালট ও অন্যান্য মালামাল কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে রেখেই ভোটের কেন্দ্রে কোন্দ্রে পৌছানো হচ্ছে বলেও জানান তারা। রামপাল সহকারী রিটার্নিং কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এবং মোংলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল জানান, রবিবার ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচন। তাই এবারের ভোট উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুরো প্রস্তুতিমুলক ব্যাবস্থা নিয়েছে প্রশাসন। এ আসনে সর্বমোট ৯৬টি কেন্দ্রকে উপযুক্ত করে প্রস্তুত করা হয়েছে। রামপাল ও মোংলার দুই উপজেলায় ৯৬টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রকে অতিগুরুত্বের সাথে দেখা হচ্ছে। তাই এ আসনটিতে ৮জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজ করছে। এছাড়া মোংলায় ৭০ জন নৌবাহিনী, রেব, বিজিবি ও পুলিশ থাকবে। আর রামপালে থাকবে সেনা বাহিনীর সদস্যরা।
এখন পর্যন্ত পুরো দুই উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সকলের সহযোগীতা থাকলে আগামীকাল ৭ জানুয়ারী উৎসব মুখর পরিবেশে দেশের মানুষকে সরকার একটি অবাধ সুষ্টু নিরপেক্ষ নির্বাচন উপহারের জন্য সকল প্রস্তুতি গ্রহন করেছে প্রশাসনের পক্ষ থেকে। এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি শেষ করা হয়েছে। এ জন্যে গণমাধ্যমের কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করছি।
হরতালের সমর্থনে খুলনায় জামায়াতে ইসলামীর মিছিল
খবর বিজ্ঞপ্তি
নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে ডাকা হরতালের সমর্থনে খুলনায় মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার সকালে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে এ পিকেটিং ও মিছিল করে।
খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য দৌলতপুর থানা আমীর আবু লাবীবের নেতৃত্বে জামায়াত নেতা আব্দুস সোবহান, আলমগীর হোসেন, কাইয়ুম মৃধা, জয়নাল শেখ, মোস্তফা কামাল, আব্দুল্লাহ, আব্দুল জলিল, আব্দুর রহমান, আব্দুল কাদের, মাহমুদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতারা নির্বাচন প্রত্যাখান করতে সবাইকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকার নির্বাচনের নামে সার্কাস ও চরদখলের ষড়যন্ত্র মোকাবেলায় জনগণ স্বতঃস্ফূর্ত রাজপথে নেমে এসেছে। তারা ঘোষিত হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে সরকারের পাতানো ও প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখান করেছে। আর জনগণ সরকারের একদলীয় নির্বাচনকে ‘না’ বলে দিয়েছে। নেতারা বলেন, দেশপ্রেমী জনতা সরকারের ভাঁওতাবাজি ও প্রহসনের নির্বাচনে কোনোভাবেই ভোট দিতে যাবে না। কারণ দেশের স্বীকৃত ও বৃহত্তর বিরোধী দলগুলো এই তামাশার নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। কথিত নির্বাচনের মহড়া প্রদর্শন করা হচ্ছে সরকারি প্রযোজনায় ‘ডামি’ প্রার্থী দিয়ে। মূলত বাকশালী ও ফ্যাসীবাদী সরকার নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করে তাদের ক্ষমতার বৈধকরণ করতে চায়। কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোন ভাবেই বাস্তবায়ন হতে দেবে না।
ইউপি সচিবের বাসা থেকে পুত্রবধূর মরদেহ উদ্ধার
খুলনাঞ্চল রিপোর্ট
ভোলার লালমোহনে ইউপি সচিবের বাসা থেকে পুত্রবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিভিন্ন ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার কর্তারহাট এলাকা থেকে লাশ উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে নিহতের পিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে লালমোহন থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠায়।
নিহত লামিয়া উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সৌদি প্রবাসী জসিম হাওলাদারের মেয়ে।
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
নিহতের শ্বশুর ছিদ্দিক মিয়া লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়নের সচিব। তার বাড়ি লালমোহনের কর্তারহাট এলাকায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লামিয়ার স্বামী শরিফকে বাড়িতে পাওয়া যায়নি।
নিহতের শ্বশুর ছিদ্দিক মিয়া জানান, ঘটনার দিন বিকালে আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এ সময় বাসায় কেউ ছিল না। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি ২য় তলার নিজ রুমে ফ্যানের সঙ্গে সে ঝুলছে। পরে লাশ নামিয়ে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাই। তবে কী কারণে এবং কীভাবে লামিয়া মারা যেতে পারে তার কিছুই বলতে পারছি না।
লামিয়ার বড় বোন তানিয়া জানিয়েছেন, প্রায় ১ বছর আগে ছিদ্দিক মিয়ার ছেলে মো. শরিফ লামিয়াকে বিয়ে করে। এটি শরীফের ২য় বিয়ে। লামিয়ার কোনো ভাই নেই। চার বোনের মধ্যে দেখতে ফুটফুটে লামিয়া সবার ছোট। বাবা সৌদি আরব থাকেন। ৮ম শ্রেণির ছাত্রী থাকা অবস্থায় প্রায় ১ বছর আগে লামিয়াকে বাল্যবিয়ে করেন শরীফ। লামিয়া এখন কর্তারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়াশুনা করছে। এই শিশু বয়সে বিয়ে এবং শরীর থেকে হলুদের গন্ধ না সরতেই লামিয়ার এই রহস্যজনক মৃত্যুর বিষয়টি এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
এলাকার শহীদ মেম্বার জানান, পুলিশি তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদঘাটনের দাবি করছে লামিয়ার পরিবার।
বাগেরহাটের ১২৬টি কেন্দ্রে আগের দিনই পাঠানো হলো ব্যালট
বাগেরহাট প্রতিনিধি
উপকূলীয় জেলা বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের ১২৬টি দুর্গম ভোটকেন্দ্রে নির্বাচনের একদিন আগে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম। শনিবার দুপুরে এসব দুর্গম কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ শেষ করে।
জেলার ৪টি সংসদীয় আসনের ৪৮৮ ভোট কেন্দ্রের মধ্যে অপর ৩৬০টি কেন্দ্রের ব্যালট পেপার ভোটের দিন ভোর ৪টা থেকে ৬টার মধ্যে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, বাগেরহাট জেলায় নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো নাশকতার ঘটনা ঘটেনি। এবারের নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে ৪৮৮টি ভোট কেন্দ্রের ২ হাজার ৭৯৬টি ভোট কক্ষ রয়েছে। জেলায় ১২ লাখ ৮১ হাজার ১৩৪ জন ভোটার ২৬জন প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
খুলনার দুটি আসনে স্বতন্ত্রের পাল্লা ভারী: চারটিতে নৌকা জয়ের সম্ভাবনা
স্টাফ রিপোর্টার
বিএনপি-জামায়াতসহ সমমনা জোটের বয়কটের মধ্য দিয়ে রোববার (৭ জানুয়ারি) খুলনা মহানগরীর দুটিসহ জেলার ছয়টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দুজন নারীসহ ৩৯ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অংশ নিয়েছেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গড়ে তোলা হয়েছে স্তরে স্তরে নিরাপত্তা বলয়।
এদিকে, খুলনায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৬ জুনায়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এক প্রেস ব্রিফিং এতথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।
দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে স্বতন্ত্র পরিচয়ে আওয়ামী লীগের দুই নেতার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভোটাররা। আসন দুটি হচ্ছে খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) এবং খুলনা-৬ (পাইকগাছা ও কয়রা)। এই দুই আসনের মধ্যে খুলনা-৪ আসনে লড়ছেন ক্ষমতাসীন দলের হয়ে নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এবং স্বতন্ত্র পরিচয়ে কেটলি প্রতীক নিয়ে লড়ছেন এস এম মোর্ত্তজা রশিদী দ্বারা।
অপরদিকে, খুলনা-৬ আসনে পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রশীদুজ্জামান মোড়ল নৌকা প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র পরিচয়ে জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুটি আসনে স্বতন্ত্রের পাল্লা ভারী রয়েছে বলে সাধারণ ভোটারদের অভিমত। তবে খুলনা-৫ (ফুলতলা ও ডুমুরিয়া) আসনেও নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র এবং স্বতন্ত্র পরিচয়ে প্রার্থী হওয়া ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস রয়েছে।
এর বাইরে খুলনা-১ (বটিয়াঘাটা ও দাকোপ), খুলনা ২ (সদর ও সোনাডাঙ্গা) এবং খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা) এ তিনটি আসনে নৌকার প্রার্থীরাই বিজয় লাভ করবেন বলে ভোটাররা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।
খুলনার ছয়টি আসনের মধ্যে ২টি আসনে দুই নারী প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন। তারা হলেন- খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ও খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে ৯জন পুরুষ প্রার্থীর পাশাপাশি ‘ডাব’ প্রতীক নিয়ে ভোটের মাঠে বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা। খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে তিনজন পুরুষ সংসদ সদস্য প্রার্থীর পাশাপাশি ভোটের মাঠে ‘ঈগল’ প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী।
রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ৬টি সংসদীয় আসনে ১২২টি আবেদনের পরিপ্রেক্ষিতে ১১৫টি পর্যবেক্ষক টিমকে ভোট পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। ভোট চলাকালে ভারতের নির্বাচন কমিশনের প্রিন্সিপ্যাল সেক্রেটারি এম ডি ওমর একটি আসনের ভোটকেন্দ্র পরিদর্শন করবেন।
তিনি আরও বলেন, খুলনা জেলার ৬টি আসনে ৫ হাজার ২২৫ জন পুলিশ, ৯ হাজার ৫১৬ জন আনসার, ৯৬ জন র্যাব সদস্য, ১৯ প্লাটুন বিজিবি, ৫৯৬ জন কোস্টগার্ড সদস্য, ৬৪৬ জন দফাদার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় তাদের পাশাপাশি নৌ পুলিশের সদস্যরাও রয়েছে। মহানগরী ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনীর ৬০০ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনে ৪৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৯৩টি। এরমধ্যে পাঁচ শতাধিক কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে বিবেচনা করা হয়েছে। এ সকল কেন্দ্রে বেশি সংখ্যক পুলিশ বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।
খন্দকার ইয়াসির আরেফিন বলেন, ভোটের পরিবেশ ভালো রয়েছে। ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি দেওয়া হচ্ছে। আজ রবিবার মধ্যরাত থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সরবরাহ করা হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তির্পূ করতে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, খুলনার ছয়টি সংসদীয় আসনের ৭৯৩ টি ভোটকেন্দ্রে প্রিজাইডি কর্মকর্তাদের কাছে শনিবার ভোট গ্রহণ সামগ্রী হস্তান্তর করা হয়। কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া ৬০০ সেনা সদস্য, ১৯ প্লাটুন বিজিবি ও র্যাব টহল টীম দায়িত্ব পালন করছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক ও পুলিশ সুপার সাইদুল ইসলাম সব ধরনের ভয়ের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ৬টি আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৯৮ হাজার ৮৭৯ জন। এবারের নির্বাচনে খুলনার ৬টি আসনে মোট ভোটার রয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১৮ লাখ ১ হাজার ২ জন। এ বছর জেলার ৬টি আসনে ৭৯৩টি ভোট কেন্দ্র ও ৪ হাজার ৭২০টি ভোট কক্ষ থাকবে। ৬টি আসনে এবার গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রের সংখ্যা ৬৩১টি।
পানি টেনে জীবন চলে
মাগুরা প্রতিনিধি
কওসার শরিফ (৭০)। একটা চোখে জন্ম থেকেই দেখেন না। আরেকটি বয়সের কারণে ঝাপসা। চলাফেরার শক্তি প্রায় হারিয়েছেন। এই বয়সে পেটের দায়ে নলকূপ চেপে কলস ভরে হোটেলে খাপার পানি সরবরাহের কাজ করেন।
তার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের গোপালনগর গ্রামে।
এই বয়সে পরিবারের সঙ্গে সুখে থাকার কথা ছিলো তার। কিন্তু নলকূপ চেপে পানি না পৌঁছে দিলে তার সেদিন না খেয়ে থাকতে হয়। চোখে ভালো দেখেন না। হাত-পা চলতে চায় না। তারপরও নিরুপায় হয়ে পানি টানার কাজ করতে হয়।
কওসার শরিফ জানান, কাক ডাকা ভোরে কাজ শুরু হয়। মহম্মদপুরের ক্ষুদ্র হোটেল, চায়ের দোকান ও মুদি দোকানে পানি সরবরাহ করেন। এক কলস পানি কল চেপে মাথায় করে দোকানে পৌছে দিতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এজন্য কলস প্রতি ১০ টাকা পান তিনি। সারা দিনে ১০ থেকে ১২ কলস পানি আনতে পারেন। আগে আরও বেশি পানি টানতে পারতেন। কিন্তু শরীর এখন আর পারে না।
দিনে ১০০-২০০ টাকা আয় হয়। এই সামান্য টাকায় চলে সংসার। দুই ছেলে-মেয়ে তার। মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে আলাদা সংসার পেতেছেন। ছেলে তার খবর নেন না। স্ত্রী মর্জিনাকে নিয়ে তার সংসার।
জীবন সায়াহ্নে কাজ করেই খেতেই হয় কওসারের। এ নিয়ে তার আক্ষেপ নেই। শত কষ্টেও মুখে হাসি লেগে থাকে। তার একটাই আশা- ‘যে কয়দিন বাঁচি, গায় যেন বল শক্তি থাহে। নিজির ভাত, নিজিই কামোই করে খাতি পারি।’
সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ ১০০ ভোটকেন্দ্র
সাতক্ষীরা প্রতিনিধি
সারা দেশের মতো সাতক্ষীরাতেও নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলাব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০২টি কেন্দ্রে এবার ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব কেন্দ্রের মধ্যে ১০০টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ভোটার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন ও নারী ভোটার ৮ লাখ ৬৯ হাজার ২২৮ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২ জন ও স্বতন্ত্র ৮সহ মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ৬০২টি ভোট কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে জেলায় ৩৫৩ জন সেনা সদস্য, ৩৮০ জন বিজিবি সদস্য, ৭১ জন র্যাব সদস্য, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৯ জন, আনসার ও আনসার ব্যাটালিয়ন সদস্য ৭ হাজার ২২৪ জন মোতায়েন থাকবে। এছাড়া, জেলায় ৭০২ জন পুলিশ মোতায়েন থাকবে। ৮১ টি মোবাইল টিমে ৪০৫ জন্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছেন। রোববার (৭ জানুয়ারি) সকালে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।
সাতক্ষীরায় ৬০২ ভোটকেন্দ্রে বুথ ৩৭১৮টি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার চারটি নির্বাচনি এলাকার প্রায় সাড়ে ১৭ লাখ ভোটার আগামীকাল রোববার (৭ জানুয়ারি) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতসহ সমমনা জোটের বর্জনের মুখে জেলার ৬০২টি ভোটকেন্দ্রে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২ জন এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী নিজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং অপর একজনকে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলায় মোট ভোটার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪জন। এর মধ্যে নারী ভোটার ৮ লাখ ৬৯ হাজার ২২৮ জন, পুরুষ ভোটার ৮ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন এবং ১২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। জেলায় এবার মোট ভোটকেন্দ্র ৬০২টি। এর মধ্যে ভোটকক্ষ থাকবে ৩ হাজার ৭১৮টি। এর মধ্যে অস্থায়ীভাবে রয়েছে ১৯৩টি কক্ষ।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস জানায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) উপজেলার তিনটি থানার ২৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভার নিয়ে গঠিত নির্বাচনি এলাকায় এবার মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৪৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৮৭, নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৯৫৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এই নির্বাচনি এলাকায় মোট ভোটকেন্দ্র ১৬৮টি। ৫০টি অস্থায়ীসহ মোট ভোটকক্ষ ৯৮৯টি।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থী রয়েছেন ১০জন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী শেখ মো. আলমগীর, তুণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী সুমি। স্বতন্ত্রদের মধ্যে রয়েছেন- দোলনা প্রতীকের প্রার্থী এসএম মুজিবুর রহমান ওরফে সরদার মুজিব, ঈগল প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলাম, ট্রাক প্রতীকের প্রার্থী শেখ নুরুল ইসলাম এবং কাঁচি প্রতীকের প্রার্থী শেখ মুজিবুর রহমান।
প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র কাচি প্রতীকের শেখ মুজিবুর রহমান পত্রিকায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এবং মুস্তফা লুৎফুল্লাহর পক্ষে জেলা ওয়ার্কার্স পার্টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সাতক্ষীরা-২ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সদর আসনে এবার মোট ভোটার ৪ লাখ ৬০৮জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ২১৭ জন, নারী ২ লাখ ১ হাজার ৩৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। সদরে এবার মোট ভোটকেন্দ্র ১৩৮টি। এর মধ্যে ১৫টি অস্থায়ীসহ মোট ৮২৬টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।
সাতক্ষীরা-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৭ জন। এর মধ্যে জাতীয় পাটি মনোনীত লাঙ্গল প্রতীকে প্রার্থী মো. আশরাফুজ্জামান আশু, ন্যাশনাল পিপিলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙ্গর প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান বুলু, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোস্তফা ফারহান মেহেদী। স্বতন্ত্রদের মধ্যে রয়েছেন- কাঁচি প্রতীকের এনছান বাহার বুলবুল, ঈগল প্রতীকের মীর মোস্তাক আহমেদ রবি এবং ট্রাক প্রতীকের প্রার্থী মো. আফসার আলী।
এর মধ্যে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনছান বাহার বুলবুল লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে প্রচার অভিযানে অংশ নেন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি+দেবহাটা+কালিগঞ্জের আংশিক) আসনে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসনে এবার মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৩৮০ জন।
এর মধ্যে পুরুষ ২ লাখ ১৮ হাজার ২৪৬ জন, নারী ২ লাখ ১৩ হাজার ১৩১ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৫৪টি। এর মধ্যে ৭৭টি অস্থায়ীসহ মোট ভোটকক্ষ স্থাপন করা হয়েছে ৯৩৫টি।
সাতক্ষীরা-৩ নির্বাচনি এলাকায় এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী আ ফ ম রুহুল হক, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আলিফ হোসেন, ন্যাশনাল পিপিলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. আব্দুল হামিদ, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. মঞ্জুর হোসেন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের রুবেল হোসেন এবং বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) চাকা প্রতীকের প্রার্থী শেখ তরিকুল ইসলাম।
সাতক্ষীরা-৪ শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন, কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন এবং নবগঠিত একটি পৌরসভা নিয়ে সাতক্ষীরা-৪ নির্বাচনি এলাকা গঠিত।
এই নির্বাচনি এলাকার মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ১৯৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৩৪ জন, মহিলা ভোটার ২ লাখ ১৮ হাজার ৭৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৪ জন। এই নির্বাচনি এলাকায় ভোটকেন্দ্র ১৪২টি। এর মধ্যে ৫১টি অস্থায়ীসহ মোট ভোটকক্ষ ৯৭৮টি।
সাতক্ষীরা-৪ নির্বাচনি এলাকায় এবার মোট প্রার্থী ৭ জন। প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এসএম আতাউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজা, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের আসলাম আল মেহেদী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাহবুবর রহমান, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো: শফিকুল ইসলাম, ন্যাশনাল পিপিলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী শেখ ইকরামুল এবং স্বতন্ত্র কাঁচি প্রতীকের মো. মিজানুর রহমান।
স্বামী পরিত্যক্তা হামিদার পরকীয়ার জেরেই হত্যা করেন লিটন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে পরকীয়ার জেরে স্বামী রাজমিস্ত্রি লিটন গাজী স্ত্রী হামিদা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে যান বলে জানা গেছে। গ্রেফতারকৃত লিটন গাজী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত লিটন গাজী খুলনার কয়রা উপজেলার চরধোপাখালী গ্রামের জিএম শরিফুল গাজীর ছেলে।
নিহত হামিদা বেগম খুলনার দাকোপ উপজেলার দোপাধী রামনগর এলাকার বারেক গাজীর মেয়ে।
শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শুকদাড়া নামক স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই হত্যার রহস্য উদঘাটন ও নিহতের পরিচয় জানতে কাজ শুরু করে পিবিআই। রাতেই পিবিআই আলামতসহ হত্যাকারী লিটন গাজীকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী নিহত হামিদার মোবাইলসহ আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় লিটন গাজীকে আসামি করে ফকিরহাট থানায় মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লিটনকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাট পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান বলেন, আড়াই বছর আগে স্বামী পরিত্যক্তা হামিদা বেগমের সঙ্গে রাজমিস্ত্রি লিটন গাজীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন না যেতেই হামিদা পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি মেনে নেতে পারছিলেন না লিটন গাজী। পরে ৪ জানুয়ারি কৌশলে হামিদাকে ডেকে এনে শুকদাড়া এলাকার একটি বাগানে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। রাতেই আলামতসহ লিটন গাজীকে গ্রেফতার করা হয়।
নৌকার বিজয়ের পর গোসল করে ঘরে উঠবেন বাদশা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের বাসিন্দা মো. বাদশা। ভালোবাসেন নৌকা প্রতীককে। এজন্য খালি গায়ে খুলনা ও বাগেরহাটে বিভিন্ন আসনে হেঁটে হেঁটে নৌকার প্রচারণা চালাচ্ছেন। রোববার (৭ জানুয়ারি) নৌকার জয়ের পর গোসল করে ঘরে উঠবেন তিনি।
এমনই ঘোষণা দিয়েছেন নৌকার জয়প্রত্যাশী যুবক বাদশা। নির্বাচনের তফসিল ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর থেকে খালি গায়ে ও গোসল না করে একটানা নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
আলাপকালে বাদশা বলেন, ‘আমি বেশিরভাগ (৮০ শতাংশ) সময় পাঁয়ে হেটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রচারণা চালাচ্ছি। তবে দূরে যাওয়ার সময় শুধু গাড়িতে উঠি। তফসিল ঘোষণার পর থেকে আমি এভাবেই প্রচারণা চালাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গোসল করলে শরীরে আঁকা ছবি-প্রতীক মুছে যাবে, তাই গোসল করি না। আগামীকাল নৌকা বিজয়ী হওয়ার পর গোসল করে ঘরে উঠবো।’
চুয়াডাঙ্গায় দুই শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দুটি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্য মোট ৩৫৪টি। এরমধ্যে ২০৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে থাকছে সশস্ত্র বাহিনীর ২৯৫ সদস্যসহ র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ১৪৬ জন সদস্য।
চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে লাঙ্গল প্রতীকের দুজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গা-১ আসনে পাঁচজন ও ২ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, ফ্রিজ প্রতীকের কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য ও মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান, আম প্রতীকের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী ও ট্রাক প্রতীকের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শহীদুর রহমান।
চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা মনোনীত আলি আজগার টগর, ট্রাক প্রতীকের আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য আবু হাশেম রেজা, ঢেঁকি প্রতীকের মীর্জা শাহরিয়ার মাহমুদ, ঈগল প্রতীকের নুর হাকিম, ফ্রিজ প্রতীকের নজরুল ইসলাম মল্লিক, মশাল প্রতীকের জাসদ জেলা কমিটির প্রচার সম্পাদক দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ, গোলাপ ফুল প্রতীকের জেলা জাকের পার্টির সভাপতি আবদুল লতিফ খান এবং আম প্রতীকের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব ইদ্রিস চৌধুরী।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেগুলো প্রয়োজন আমরা সেটাই করছি। পুলিশ শতভাগ নিরপেক্ষভাবে কাজ করছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, নিরাপত্তা নিয়ে কারোর মধ্যে যাতে কোনো ধরনের শঙ্কা তৈরি না হয় সেজন্য পুলিশ যথেষ্ট সতর্ক আছে। আমরাও সবাইকে আশ্বস্ত করছি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ হাজার সদস্য
স্টাফ রিপোর্টার
খুলনার ৬টি আসনের ৭৯৩টি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। রোববার (৭ জানুয়ারি) ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। ভোটকেন্দ্রসহ গোটা জেলার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রায় ১৭ হাজার সদস্য।
খুলনা সার্কিট হাউজ থেকে শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় খুলনা-২ ও ৩ আসনের ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়। এছাড়া অন্য চারটি আসনের সরঞ্জাম সকাল ১০টা থেকে ৯টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ভোটকেন্দ্রে পাঠানো হয়। বিকেলের মধ্যেই সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যায়। ভোটগ্রহণ কর্মকর্তারা রাতে ভোটকেন্দ্রেই থাকবেন।
খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, নির্বাচনের দিন ৭৯৩ জন প্রিসাইডিং অফিসার, ৪ হাজার ৭২০ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৯ হাজার ৪৪০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী শনিবার দিনের বেলা ব্যালট পেপার ভোটকেন্দ্রে পাঠানো হয়নি। ভোর ৪টা থেকে কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
খুলনায় ৭৯৩টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৪ হাজার ৭২০টি। ভোটকেন্দ্রসহ জেলার নিরাপত্তায় দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ১৭ হাজার সদস্য।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরেফীন এদিন দুপুরে সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে জানান, ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৫৪৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ২৪৫টি কেন্দ্র সাধারণ। নগরীর গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ এবং ১২ জন আনসার দায়িত্ব পালন করবেন। আর নগরীর সাধারণ কেন্দ্রে তিনজন পুলিশ এবং ১২ জন আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। জেলার গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে তিনজন পুলিশ এবং ১২ জন আনসার দায়িত্ব পালন করবেন। আর জেলার সাধারণ কেন্দ্রে দুজন পুলিশ এবং ১২ জন আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
তিনি জানান, নির্বাচনে জেলা পুলিশের দুই হাজার ১৪২ জন, মেট্রোপলিটন পুলিশের ৩ হাজার ৮৩ জন, ৯ হাজার ৫৮৮ জন আনসার, র্যাবের ৯৬ জন, দাকোপ উপজেলা ও কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে কোস্টগাার্ডের ৫৯৬ জন, ১৯ প্লাটুন বিজিবি, সেনাবাহিনীর ৬০০ জন এবং নৌ পুলিশের ১৩ জন দায়িত্ব পালন করছেন। এছাড়া ৬৪৬ জন দফাদার থাকছেন। নির্বাচনের মাঠে থাকছেন ৪৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রসহ জেলাজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এবারের নির্বাচনে পর্যবেক্ষক রয়েছে ১২টি বেসরকারি সংস্থার ১১৫ জন। এছাড়া ভারতের নির্বাচন কমিশনের মুখ্য সচিব মোহাম্মদ উমর খুলনা-৪ আসনের নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
এবারের নির্বাচনে খুলনার ৬টি আসনে মোট ভোটার ১৯ লাখ ৯৯ হাজার ৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ জন এবং নারী ভোটার ৯ লাখ ৯৯ হাজার ৭৯৮ জন। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
খুলনায় ১১টি রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৯ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র দুজন।
গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা মাষ্টার রফিকুল ইসলামের বোনের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ রফিকুল ইসলাম মাষ্টার এর বড় বোন সবুরননেছা বেগম মশিয়ালী তার নিজ বাসভবনে ষ্টোককজনিত কারনে ৫ জানুয়ারী দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেছেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক পুত্র ও চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন , গতকাল যোহর বাদ মশিয়ালী মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুল তলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন,১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক , সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম , যুগ্ন-আহবায়ক মোঃ ফরহাদ হোসেন , ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম , সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন , ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউপি মেম্বার সৈয়দ হাফিজুর রহমান শাফি , সাবেক ইউপি মেম্বার সরদার মোস্তাক আহমেদ , সরদার ফজলুর রহমান , সরদার নজরুল ইসলাম , গাজি মোন্তাজ উদ্দিন , মোল্লা শরিফুল ইসলাম , শরিফ ওবায়দুর রহমান চয়ন , মোঃ ইলিয়াজ সরদার , মোঃ হাদিউজ্জামান , ফকির শরিফুল ইসলাম , মোঃ নুরুল ইসলাম নুরু , মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ , মোঃ সিরাজ শিকদার , মোঃ আনোয়ার হোসেন , মোঃ গোলাম মোস্তফা , মোঃ লিমন মোল্লা , মোঃ ইব্রাহিম হোসেন , মোঃ বাচ্চু শেখ , মোঃ আব্দুস সামাদ মাষ্টার , শেখ আসলাম হোসেন , সরদার বিল্লাল হোসেন , শেখ আলমগীর হোসেন , শেখ সাহাজান , গাজী নজরুল ইসলাম , মোঃ আজগার হোসেন প্রমখ , অনুরুপ বিবৃতি দিয়েছেন বিএমএ’র সাবেক মহাসচিব সাবেক এমপি অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক , খুলনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল , খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন , সৈয়দ জাকির হোসেন , মোল্লা আইয়ুব হোসেন , মিয়া ফরহাদ হোসেন , শেখ হাসিবুল হাসান , খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাইদ হাওলাদার আব্বাস , কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইমদাদুল ইসলাম প্রমখ।
ভোটকেন্দ্রে যাতে ভোটাররা নিরাপদে পৌঁছতে পারে সে পরিবেশ সৃষ্টি করা হয়েছে
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ভোটকেন্দ্রে যাতে ভোটাররা নিরাপদে পৌঁছতে পারে সে জন্য আমরা নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিব। গতকাল সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ফুলতলা উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা তাসনীম জাহান তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের তাদের দলীয় নেতাকর্মীদের। কেন্দ্রে ভোটার যতো বেশি আসবে তত বেশি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আমরা মনে করি। এদিকে গতকাল ফুলতলা উপজেলার ৩৯ টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সামগ্রী । আর আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন (৭ জানুয়ারি) ভোর ৪ টায় উপজেলা থেকে ফুলতলা উপজেলার ৩৯ টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে । গতকাল ৬ জানুয়ারী ভোটগ্রহণের আগের দিন সকাল সাড়ে ১০ টায় ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা তাসনীম জাহান প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নিকট ব্যালট বক্স, সহ সকল উপকরন বুঝিয়ে দেন। সহকারী রিটানিং কর্মকর্তা তাসনীম জাহান বলেন সকলে যেন উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে তার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে উপজেলায় ৪ জন ম্যাজিষ্টেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন এছাড়া আনসার , পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী আইনশৃংখলা বাহিনা শক্ত অবস্থানে থাকবেন। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস সকলে প্রস্তুত থাকবেন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারের অধিকতর নিরাপত্তার জন্য ভোটগ্রহণের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন মাননীয় নির্বাচন কমিশন , সে নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি । অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতাও কামনা করেন।
খানজাহান আলী থানা যুবদল নেতার মাতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা যুবদল নেতা মরহুম দিদারুল ইসলাম লাভলুর মাতা মর্জিনা বেগম গতকাল সকাল সাড়ে ১০ টায় তেলিগাতী মধ্যপাড়া নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৪ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন , গতকাল আছর বাদ তেলিগাতী মধ্যপাড়া দারুত তোরাব হাফেজিয়া মাদ্রাসার মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদ ইকবাল , আরিফুর রহমান মন্টু, ইউপি সদস্য এনামুল কবির , গোলজার হোসেন , মোঃ শওকত হোসেন, আঃ ওহাব কাজী, মোঃ নাসির, মোস্তাক হোসেন, গোলাম রব্বানী, মোঃ জাহাঙ্গির হোসেন, সাকিব হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় উপস্থিত ছিলেন ।
পাইকগাছা পৌরসভা পূজা পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ রায়ের পিতার
মৃত্যুতে খুলনা জেলা পূজা পরিষদের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ রায়ের পিতা সুনীল চন্দ্র রায় (৯০) চিকিৎসাধীন থাকাবস্থায় অদ্য সকাল ৮:১০ মিনিটে পাইকগাছা হাসপাতালে পরলোক গমন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয়, খুলনা জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ, সাধারণ সম্পাদক বিমান সাহা, সহ-সভাপতি রবীন্দ্র নাথ দত্ত, এ্যাড. নিমাই চন্দ্র রায়, চম্পক কুমার পাল, রতন কুমার মিত্র, রণজিৎ কুমার ঘোষ, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তমাল কান্তি ঘোষ, সাধন কুমার ভদ্র, অনিমেষ সরকার রিণ্টু, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি দেবদুলাল বাড়ৈ বাপ্পি, সমীর কৃষ্ণ হীরা, চালনা পৌরসভা মেয়র সনৎ কুমার বিশ্বাস, জেলা শাখার উপদেষ্টা এ্যাড. বীরেন্দ্র নাথ সাহা, শ্যামা প্রসাদ কর্মকার, ডাঃ সুনীল বালা, গণেশ চন্দ্র মণ্ডল, বাবুল চন্দ্র সাহা বাবলা, মৃণাল কান্তি বিশ্বাস, স্বপন কুমার রায়, অনুপ গোলদার, প্রশান্ত কুমার হালদার, সাগর সাহা, অধ্যাপক রমেন্দ্র নাথ সরদার, সাংবাদিক লিটন কুমার রায়, জয়ন্ত ফকির, মাধুরী মণ্ডল, অনামিকা দাস পপি, রিপন কুমার মণ্ডল, দেবাশিষ কুমার দে, এ্যাড. চিত্তরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক অজিত হালদার, বিমান রায়, আশিষ কুমার সিনহা উৎপল, অমর কুমার দাস, দিপঙ্কর মণ্ডল লিটন, এ্যাড. পবিত্র কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার মণ্ডল, শোভা রানী হালদার, ইঞ্জিনিয়ার নিবীড় মণ্ডল, মহিলা ভাইস-চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, বিশ্বজিৎ পাল, প্রদীপ কুমার হীরা, বিপুল কান্তি চৌধুরী, দীপা বিশ্বাস, দীপ লাল পাণ্ডে, অতনু কর বাপ্পা, দিপঙ্কর সাহা বাবু, রাজু মল্লিক, সম্মানিত সদস্য শেখর রঞ্জন দেবনাথ, এ্যাড. পঙ্কজ কুমার সাহা, অধ্যাপক রথীন্দ্র নাথ মণ্ডল, নিত্যানন্দ সাহা নিতাই, পল্লব কুমার বিশ্বাস, অরিন্দম মল্লিক, অভিজিৎ কুণ্ডু টুটুল, রণজিৎ বোস, সুশান্ত অধিকারী, অরবিন্দ মণ্ডল, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, মৃণাল কান্তি বাছাড়, তপন চক্রবর্ত্তী, শঙ্কর সাহা, জগদীশ চন্দ্র দে, ব্রজেন্দ্র নাথ মণ্ডল, কৃষ্ণেন্দু দত্ত, সুজন মণ্ডল, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, শিউলি বাছাড়, শুভঙ্কর রায়, তরুণ সরকার, সুজন বৈদ্য, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, নিভানন রায়, মানবেন্দ্র মণ্ডল, মৃত্যুঞ্জয় সরদার, পাইকগাছা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক সমীরণ সাধু ও আনন্দ মোহন বিশ্বাস, কয়রা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক এ্যাড. অম্বিকা চরণ সানা ও দীলিপ কুমার বৈরাগী, ডুমুরিয়া উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বৈরাগী ও গোবিন্দ ঘোষ, ফুলতলা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক গৌরহরি দাস ও মৃণাল হাজরা, রূপসা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক শক্তি পদ বসু ও কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা ও শঙ্কর বালা, দিঘলিয়া উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক বিধান রায় ও অনুপম বিশ্বাস, দাকোপ উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা ও সঞ্জয় মোড়ল, চালনা পৌরসভা সভাপতি-সাধারণ সম্পাদক অতিন মণ্ডল ও সুকৃতি রায়, পাইকগাছা পৌরসভা সভাপতি বাবুরাম মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ পাইকগাছা পৌরসভা পূজা পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ রায়ের প্রয়াত পিতা সুনীল চন্দ্র রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
যশোরের শার্শায় ১০২ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম প্রেরণ
বেনাপোল প্রতিনিধি ঃ
যশোরের শার্শার বিভিন্ন নির্বাচনি এলাকার ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাদে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শার্শা উপজেলা পরিষদ থেকে ব্যালট পেপার বাদে প্রায় ৬০ ধরনের মালামাল পাঠানো হয়েছে। নির্বাচনি এই সরঞ্জাম বিভিন্ন যানবাহনে পাঠানো হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, ‘৮৫ যশোর-১, শার্শা আসনে ১০২ টি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, কালি, কলমসহ প্রায় ৬০ ধরনের মালামাল পাঠানো হয়েছে। সকলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
চিতলমারীতে উৎসব মূখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন
আদনান হোসেন শাওন, চিতলমারী :
রাত পোহালেই ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে উৎসবমূখর পরিবেশের মধ্যে ভোট গ্রহনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিক ভাবে উপজেলার ৪০ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়িত্বরতদের নিকট নির্বাচনী ব্যালট পেপার বাদে অন্য সমস্ত উপকরণ তুলে দেওয়া হয়েছে। ফলে নির্বাচনী কেন্দ্রগুলোতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিতলমারীতে এবছর ৪০ টি ভোট কেন্দ্রের ২৬৫ বুথে ১ লক্ষ ১৯ হাজার চারশত ৩৯ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। বাগেরহাট-১ আসনের সংসদ নির্বাচনে এবার ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৬ষ্ঠ বারের মত প্রতিদ্বন্দ্বীতা করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন লাঙ্গল প্রতীকে মোঃ কামরুজ্জামান, আম প্রতীকে বাসুদেব গুহ, নোঙ্গর প্রতীকে মোঃ মঞ্জুর হোসেন সিকদার, সোনালী আঁশ প্রতীকে মাহফুজুর রহমান, ডাপ প্রতীকে এইচ এম আতাউর রহমান আতিকী। বাগেরহাট-১ আসনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও আওয়ামী লীগের দুর্গখ্যাত এ আসনটিতে বিগত সময়ে এমপি শেখ হেলাল উদ্দীন বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করায় তিনি ৬ষ্ঠ বারের মত বিপুল ভোটে বিজয়ী হবেন বলে চিতলমারীর সাধারণ ভোটারা আশাবাদ ব্যক্ত করেছেন।
দাকোপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন
দাকোপ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সম্পন্ন করতে দাকোপে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসারের নেতৃত্বে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে শান্তি শৃংঙ্খলার পাশাপাশি অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য বিভিন্ন স্তরের আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনীদেরকে মোতায়ন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাকোপের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৯টি ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত স্ব-স্ব প্রিজাইডিং অফিসারের নিকট ভোট কেন্দ্রের ব্যালট পেপার ছাড়া অন্যান্য সকল প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়েছে। এ সকল প্রিজাইডিং অফিসারদের সাথে রয়েছেন সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ, আনসার-ভিডিপির প্রয়োজনীয় সদস্য বৃন্দ। ভৌগোলিক কারণে এ উপজেলাটি উপকূলীয় এলাকায় হওয়ায়, একই দিনে উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ক্যাসমেন্ট এরিয়ার বিভিন্ন ভোট কেন্দ্রের জন্য দায়িত্ব প্রাপ্ত ১০ জন ক্লাস্টার অফিসারদের মাধ্যমে আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার দিয়ে ব্যালট পেপার নিয়ে নির্বাচনের দিন ৭ জানুয়ারী রবিবার সকাল ৭টার মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নিকট ব্যালট পেপার গুলি পৌঁছিয়ে দেবেন। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রে বিরোতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান,অত্র উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৮০ জন। মোট ভোট কেন্দ্র ৪৯টি, বুথ ৩০৭টি। নির্বাচনের প্রয়োজনীয় সকল মালামাল কেন্দ্র গুলিতে পৌছিয়ে দেওয়া হয়েছে। রবিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং জয়দেব চক্রবর্তী জানান, উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের মোট ৪৯টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট পেপার বাদে প্রয়োজনীয় অন্যান্য সকল মালামাল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট শনিবার প্রদান করা হয়েছে। নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত এ সকল প্রিজাইডিং অফিসাররা আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনীর প্রয়োজনীয় সদস্যদের নিয়ে সড়ক পথে এবং ট্রলার যোগে নদী পথে রওনা দিয়ে ভোট কেন্দ্রে পৌছিয়েছে। নির্বাচন অবাদ,সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, কোস্ট গার্ড, র্যাব, আনসার-ভিডিপির সদস্য/সদস্যা বৃন্দরা নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদান করবেন। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ভোট চলাকালিন সময়ে প্রতিটি ভোট কেন্দ্র পর্যবেক্ষনের দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়া পৃথক পৃথক ভাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স প্রতিটি ভোট কেন্দ্র মনিটরিং করবেন।
ফকিরহাটে ভোটগ্রহনের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট-১ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ফকিরহাটে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম। এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত শেখ হেলাল উদ্দীন (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির বাসুদেব গুহ (আম), তৃণমূল বিএনপির মো. মাহফুজুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙর), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (লাঙল) এবং বাংলাদেশ কংগ্রেস এর মনোনীত এইচ এম আতাউর রহমান আতিকী (ডাব)। বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে মোট ভোটার তিন লাখ ৫২ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৩৯৭, নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৪২৩। এরমধ্যে ফকিরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ২৩হাজার ৪৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬০হাজার ৯৮৯জন। নারী ভোটার ৬২হাজার ৫৭জন। ফকিরহাট উপজেলা নির্বাচন অফিসার এটিএম শামীম মাসুদ জানান, ফকিরহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র-৪৫টি, বুথের সংখ্যা ২৪১টি। প্রিজাইডিং অফিসার ৪৫জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৪১জন, পোলিং অফিসার ৪৮২জন ও সহকারী পোলিং অফিসার ২৪১জন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ফকিরহাটে সর্বত্রই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য পুলিশ কাজ করছে। পুলিশের পাশা-পাশি বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্রিং অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে কাজ করছে। ভোটের মাঠে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান মাঠে থাকবেন। এছাড়া ভোট কেন্দ্রে সার্বক্ষনিক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান অবস্থান করবে। #
ফকিরহাটে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে আসামী গ্রেফতার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনয়িনের শ্যামবাগাত এলাকার একটি বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। শনিবার (৬ জানুয়ারী) বিকেল ৪টায় পিবিআই এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। পিআইবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে ফকিরহাট উপজেলার খুুলনা-মোংলা মহাসড়কের পশ্চিম পাশে জয় জুট মিলের সামনে জনৈক মুরারী মোহন দেবনাথ এর বাগানের একটি গর্তে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখে স্থানীয়রা ফকিরহাট থানাকে অবগত করেন। খবর পেয়ে সহকারী পুুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ সনাক্ত করার জন্য বাগেরহাট জেলার পিবিআই এর পুলিশ সুপার আবদুর রহমানসহ একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাত নারীর মরদেহ সনাক্ত করেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জানা গেছে তিনি খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জের বারেক গাজীর মেয়ে হামিদা বেগম। এ ঘটনায় নিহতের বোন সালমা খাতুন নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৩ তারিখ-০৫/০১/২৪, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড। নিহতের পরিবারের বরাত দিয়ে পিবিআই জানান, গত ৪ঠা জানুয়ারী হামিদা বেগম ভোরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। নিহতের স্বামী ছানাউল্লাহ পাটোয়ারী মারা যাওয়ার পর ওই নারীর সাথে জনৈক রাজমিস্ত্রী মোঃ আমানুল্লাহ হোসেন এর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এরই সূত্র ধরে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পিবিআই পুলিশের একটি দল, রাজমিস্ত্রী মো. আমানুল্লাহ হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী খুলনার কয়রা থানার চরকুশোডাঙ্গা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তাকে রূপসার ইলাইপুর এলাকার একটি ভাড়াবাসা থেকে এদিন রাত পৌনে ১২টার দিকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তারকৃত মো. আমানুল্লাহ হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে জানান, হামিদা বেগমের গ্রামে রাজমিস্ত্রির কাজের সূত্রে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। একপর্যায়ে তারা শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হামিদা বেগম আসামীর সাথে সর্ম্পক রাখা ছাড়াও একাধিক লোকের সাথে তার অবৈধ সর্ম্পক গড়ে উঠে। অনেকবার বোঝানোর পরও হামিদা বেগম অবৈধ সর্ম্পক ছাড়তে পারেন না। এরপর আসামী আমানুল্লাহ হোসেন গত ৪ঠা জানুয়ারী সুকৌশলে ১০টার দিকে ওই বাগানের ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এসময় আসামী ভিকটিমের গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। জিজ্ঞাসাবাদে আসামী আমানুল্লাহ হোসেন জানায়, সে একাই উক্ত হত্যাকান্ডটি ঘটিয়েছে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। #
কালীগঞ্জে চেয়ারম্যান ঋতু এখন খানিকটা গ্যাড়াকলে
বিশেষ প্রতিনিধি ॥
এটা চেয়ারম্যান হওয়ার আগের ভিডিও। তখন আমি ঢাকায় থাকতাম। এমন কথা সাংবাদিকদের কাছে বলে ঝিনাইদহ কালীগঞ্জের ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ ও দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু এখন খানিকটা গ্যাড়াকলে। তার এমন ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে কালীগঞ্জ শহর ও প্রত্যন্তাঞ্চালে টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের মধ্যে বসে তিনি ইয়াবা সেবনের আসর বসিয়েছেন। একজন তাকে গ্যাসের দিয়াশলাই দিয়ে আগুন দিচ্ছেন আর চেয়ারম্যান ইয়াবা সেবন করছেন। পাশে আর একজনও বসে আছেন।
জানা গেছে, নজরুল ইসলাম ঋতু গত ইউপি নির্বাচনে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম সানাকে ৫ হাজার ২৮ ভোটে পরাজিত করে দেশের মধ্যে প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। যুগান্তকারী এই ঘটনার পর তার নাম উঠে আসে পাঠ্যবইয়ে। জাতীয় শিক্ষাক্রম-২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ৭ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ের সম্প্রদায় অধ্যায়ে চেয়ারম্যান ঋতুর ছবিসহ তার পরিচয় উঠে আসে।
এই ভিডিও প্রকাশের পর উপজেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
এ ব্যাপারে চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বলেন, ভিডিওটি অনেক আগের। যা নির্বাচন সামনে রেখে ছড়ানো হয়েছে। যখন ঢাকায় থাকতাম ভিডিওটি তখনকার। এখন এগুলোর সঙ্গে আমি নেই। তিনি বলেন, বর্তমান সংসদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে ভোট করছেন। যে কারনে পুরানো ভিডিওটি ছড়িয়ে কাজ হাসিল করতে চেয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দৃশ্য চলমান নির্বাচনের মধ্যে মানুষের কাছে হটকেকে পরিনত হয়েছে। তিনি হঠাৎ নির্বাচনে নেমে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। যে কারনে সে সময়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এখন সাধারন মানুষের ভাষ্য,একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে এভাবে ইয়াবা সেবন করাটা লজ্জাজনক। তারা বলেন,মাদকাসক্ত এমন মানুষের কাছ থেকে সেবামুলক কিছু আশা করা যায় না।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, বিষয়টি একজন জনপ্রতিনিধি হিসেবে অত্যন্ত জঘন্যতম। এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেখবে। তিনি বলেন,মানুষের সেবা করতে আসা মানুষগুলোর চিত্র এমন হলে জনসেবা প্রশ্নবিদ্ধ হয়।
হরতাল সমর্থনে খুলনা-ঢাকা মহাসড়কে অগ্নিসংযোগ করে জেলা বিএনপি’র বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
আ’লীগের সাজানো-পাতানো দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট বর্জনের আহ্বানে ও প্রহসনের এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ৪৮ঘন্টার হরতাল সফলে বিক্ষোভ করেছে খুলনা জেলা বিএনপি। গতকাল শনিবার (০৬ জানুয়ারি) সকালে হরতাল সফলে খুলনা-ঢাকা মহাসড়কে (হরিনটানা গেটে) অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবিরের নেতৃত্বে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ্সহ নেতাকর্মীরা অংশ নেয়।
জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, গত ১৫ বছরে লুটেরা আ’লীগের সকল অনিয়ম-দুর্নীতি, জুলুম-নির্যাতনের প্রতিবাদ জানাতে বিএনপি’র সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল সফলে ও ভোট বর্জনের উদাত্ত আহবান জানিয়েছি। বিরোধী দলবিহীন আ’লীগের সাজানো-পাতানো এ নির্বাচনে জনগনের পছন্দের প্রার্থী না থাকায় ভোট দান থেকে বিরত থাকাও প্রতিটি ভোটারের সাংবিধানিক অধিকার। তাই সকল প্রকার অপপ্রচার রুখে দিয়ে নিজে ও পরিবার-পরিজনকে সাথে নিয়ে এবারের ভোট প্রদান থেকে বিরত থাকুন। দেশের স্বার্থে অন্যদেরও ভোটবর্জনে উৎসাহিত করুন।।











































