মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে মাঠে কচুরিপানা পরিষ্কারের সময় ‘বোমা’ বিস্ফোরণে সোহান হোসেন (৪২) নামের এক কৃষক আহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম শোলমারীতে বিশ্বাস পাড়ার মাঠে কচুরিপানা পরিষ্কারের সময় এ ঘটনা ঘটে। আহত সোহান ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও শোলমারী গ্রামের বাসিন্দা গোলাম মোহাম্মদ মতু জানান, সোহান মাঠে কচুরিপানা পরিষ্কার করার সময় হাসুয়ার কোপ লাগে বোমার ওপর। এ সময় বোমা বিস্ফোরণে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বোমাটি কচুরিপানার মধ্যে আগে থেকে কে বা কারা রেখে দিয়েছিল। বিষয়টি রহস্যজন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে বোমা বিস্ফোরণ ও আহতের ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এখন তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































