
ক্রীড়া প্রতিবেদক
চলতি বছর প্রথমে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে নিউজিল্যান্ড। যেখানে প্রথম ম্যাচ জেতে টাইগার। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টের ফল যায় সফকারীদের পক্ষে। এরপর নিজেদের মাটিতে নামার পর থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আভাস দিয়ে আসছিল কিউইরা।
যদিও ওয়ানডে সিরিজের শুরুতে তার ছাপ রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ও শেষটিতে লড়াই জমেছিল। এরপর টি-২০তে দাপট ছিল বাংলাদেশের। সবমিলিয়ে পুরো সিরিজ কঠিন ছিল বলে দাবি করেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
মাউন্ট মঙ্গানুইয়ে আজ (রোববার) টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। যেখানে ব্যাটিং ব্যর্থতায় সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। এমন সংগ্রহের পরও শরিফুল ইসলাম এবং শেখ মাহেদীর দারুণ বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখে টাইগাররা।
শেষ পর্যন্ত অবশ্য ম্যাচের লাগাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি কিউইরা ১৭ রানে জেতায় সিরিজ শেষ হয়েছে ১-১ ব্যবধানের সমতায়।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা কিউই অধিনায়ক বলেন, ‘জিততে পেরে ভালো লাগছে। আমি শুধু গতি পরিবর্তন করে বাউন্স পাওয়ার কথা ভাবছিলাম। পেসাররাও দারুণ বোলিং করেছে। হ্যাঁ, এটা ঠিক যে এমনটা হয়েছে (প্রথমদিকে উইকেট থেকে সাহায্য পাওয়া)।’
স্যান্টনার আরো বলেন, ‘কয়েকটি উইকেট নিতে পারায় নিজেদের সফল বলব। আমরা জানতাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলাররা দায়িত্ব সামনে থেকে তাদের পালন করেছে এবং দলকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে। সবদিক বিবেচনা করলে কঠিন একটি সিরিজ ছিল।’










































