Home খেলাধুলা রিশাদকে নিয়ে আশাবাদী হাথুরু

রিশাদকে নিয়ে আশাবাদী হাথুরু

30

ক্রীড়া প্রতিবেদক

হার দিয়ে বিদায়ী বছর শেষ করেছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে টাইগারদের বেশকিছু প্রাপ্তি রয়েছে। ব্যক্তিগতভাবে সিরিজজুড়ে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম। দুর্দান্ত ফর্ম দেখিয়ে সিরিজ সেরাও হয়েছেন তিনি।

অন্যদিকে নিজের সামর্থ্য জানান দিয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। যে কারণে তার ব্যাপারে নিজের আশার কথা জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘একটা ব্যাপার হচ্ছে রিশাদ, আমরা একজন লেগ-স্পিনারকে সাদা বলের ক্রিকেটে সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। সে তার পরীক্ষায় উৎরে গেছে।’

এছাড়া শরিফুলের প্রশংসা করে হাথুরুসিংহে বলেন, ‘আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম- তিন ফরম্যাটেই শরিফুল আমাদের জন্য অসাধারণ বল করছে। অথচ ৮ মাস আগে সে দলেই ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। আর এখন সে সেরা বোলার।’

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালের উইকেট সাধারণত ব্যাটিং-বান্ধব হয়ে থাকে। কিন্তু এমন পিচেও মাত্র ১১০ রান করেছে বাংলাদেশ। এ নিয়ে হাথুরু বলেন, ‘আমরা দুই ওভার পরই আলোচনা করছিলাম যে এটা ১৬০ রানের উইকেট হবে না, এখানে ১৪০-১৫০ রান হতে পারে।

কিন্তু আমরা সেটাও অর্জন করতে পারিনি, ভালো ব্যাট করিনি। আমরা ১০ ওভার শেষে ৪ উইকেটে ৮৪ রান ছিলাম, আমাদের রান কম ছিল। কিন্তু বোলাররা আমাদের ম্যাচে রেখেছে। পুরো সিরিজজুড়ে যেভাবে বল করেছে তারা, বেশ মুগ্ধ করার মতো।’

সিরিজ জিততে না পারার আক্ষেপ করে হাথুরু বলেন, ‘সিরিজ শুরুর আগে আমরা বলছিলাম আগে কী করেছি। আমরা তার চেয়েও ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর। সিরিজ জিততে না পেরে হতাশ। আপনি যেমন জানেন, আমরা সবাই জিততে চাই। এজন্যই খেলাটা খেলি।’