Home আন্তর্জাতিক ট্রাম্প কি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন

ট্রাম্প কি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন

40

 

অনলাইন ডেস্ক।।

আগামী বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে অংশ নিতে পারবেন না সাবেক মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় কলোরাডো সুপ্রিম কোর্ট এ আদেশ দিয়েছেন।

দেশটির ইতিহাসে ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে কোনো রাজ্যের সর্বোচ্চ আদালত এমন আদেশ দিলেন। এ রায়ের ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থিতা হারানোর শঙ্কাও সৃষ্টি হয়েছে।

সিএনএন লিখেছে, ‘নজিরবিহীন’ এ আদেশের মাধ্যমে কলোরাডো সুপ্রিম কোর্ট ইতিহাস গড়েছেন। এ আদেশের কারণে সাংবিধানিকভাবে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা হারিয়েছেন। কারণ, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর ধারা ৩ অনুযায়ী, কোনো বিদ্রোহী বা বিপ্লবী প্রেসিডেন্ট অফিসে বসার যোগ্য নন। তবে ট্রাম্প ওই ধারার আওতায় পড়েন কিনা, তা নিয়ে বিতর্ক রয়েছে।

রাজ্যের সর্বোচ্চ আদালতের এ রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে (যা শুধু সুপ্রিম কোর্ট নামে পরিচিত) আবেদন করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। অগণতান্ত্রিক আচরণ ও ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টায় আদালতের এ ‘যুগান্তকারী’ রায়ে ট্রাম্পকে রাজনৈতিক শাস্তি দেওয়া হয়েছে। এটা উদারমনা মার্কিনি ও সংবিধান বিশেষজ্ঞদের জন্য বড় সাফল্য।

রয়টার্স জানায়, কলোরাডো সুপ্রিম কোর্টের এ রায়ের পক্ষে ছিলেন চারজন বিচারপতি; বিপক্ষে তিনজন। এ সিদ্ধান্ত কেবল আগামী ৫ মার্চ অনুষ্ঠিতব্য এ রাজ্যের রিপাবলিকান পার্টির প্রাথমিক প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এর সুদূরপ্রসারী প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আগামী বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে।

কলোরাডো আদালতের এ আদেশ আগামী ৪ জানুয়ারির আগে কার্যকর হবে না। এ সময়ের মধ্যে ট্রাম্প আপিল করার সুযোগ পাবেন।

নিউইয়র্ক টাইমস জানায়, আদালতের রায় তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেরেক মুলার বলেন, রাজ্যের সর্বোচ্চ আদালতের এ রায় গুরুত্বপূর্ণ ও অসাধারণ। কারণ, সংবিধানের ১৪তম সংশোধনীর ধারা-৩ অনুযায়ী ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে এভাবে শাস্তি পেতে হয়নি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ নিয়ে তাদের মত দেবেন। তবে যা হয়েছে, তা ট্রাম্পের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করবে। তবে সাউথ টেক্সাস কলেজ অব ল’র বিশেষজ্ঞ জস ব্ল্যাকম্যান ও আয়ারল্যান্ডের ম্যানুথ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক গবেষক সেথ ব্যারেট টিলম্যান মনে করেন, ডোনাল্ড ট্রাম্প ধারা-৩-এর অধীনে অপরাধ করেননি।

ফেডারেল সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির মধ্যে তিনজনকেই নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। তারা সিদ্ধান্ত নেবেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প অংশ নিতে পারবেন কিনা। এরই মধ্যে ট্রাম্পের সমর্থকরা কলোরোডার শীর্ষ আদালতের রায়কে ‘অগণতান্ত্রিক’ বলে মন্তব্য করেছেন। বিবিসি জানায়, মামলাটি আদালতে এনেছিল সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস ইন ওয়াশিংটন। তারা আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। এর আগে হ্যাম্পশায়ার, মিনেসোটা ও মিশিগানে একই ধরনের মামলা সফল হয়নি।

ট্রাম্প গত নির্বাচনে কলোরাডো রাজ্যে বড় ব্যবধান হেরেছিলেন। তবে আরও কোনো রাজ্য কলোরাডোর মতো সিদ্ধান্ত নিলে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তিনি বড় সমস্যায় পড়তে পারেন।