ঢাকা অফিস।।
আত্মশক্তিতে বলীয়ান হয়ে মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রত্যয়ে গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। একাত্তরে শহীদ দেশের সূর্যসন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে এ দিন সকালে সর্বস্তরের মানুষের ঢল নামে রায়েরবাজার ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। দিবসটি উপলক্ষে সভা, সেমিনারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন।
শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহর সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের
মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে বেদনাবিধুর সুর।
এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি এখনো দেশে ডালপালা মেলে আছে। মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।’
রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন ‘বুদ্ধিজীবী হত্যা করেও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়েছে।’
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল ৭টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ শ্রদ্ধা জানান তারা। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস দল।
এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষনেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন : ‘আমার দেশ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ সেøাগানে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ৪ দিনব্যাপী সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব-২০২৩। জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের গান, বিজয়ের আবৃত্তি এবং নৃত্যের পরিবেশনাসহ নানা আয়োজন রয়েছে এই বিজয় উৎসবে। গতকাল বৃহস্পতিবার একযোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়। কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠানমালার দলীয় পরিবেশনায় অংশ নেয় শিশু সংগঠন সৃষ্টিশীল ললিতকলা একাডেমি, উজান, উঠোন, সুরসাগর ললিতকলা একাডেমি, কথা আবৃত্তি চর্চাকেন্দ্র, সাম্প্রতিক ঢাকা, উদ্ভাসন, চারুবাক, স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র, রেওয়াজ পারফরমিং আর্ট, দৃষ্টিপাত নাট্য দল। একক পরিবেশনায় অংশ নেন প্রিয়াঙ্কা গোপ, অনিমা মুক্তি গোমেজ, আরিফ রহমান, আবিদা রহমান সেতু; রূপা চক্রবর্তী ও অলোক বসু। অন্যদিকে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চের দলীয় পরিবেশনায় অংশ নেয় শিশু সংগঠন অচিন পাখি, শিল্পবৃত্ত, সমস্বর, পদ্মশ্রী সুরবাণী, আবৃত্তি একাডেমি, বৈতরণী, নান্দনিক শিল্পালয়, নৃত্যরাগ একাডেমি, আঙিকাম, নাটনন্দন, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। একক পরিবেশনায় অংশ নেন সমর বড়–য়া, সানজিদা মঞ্জুরুল হ্যাপী, শবরী মজুমদার, প্রলয় সাহা, ফেরদৌসী কাকলী, অমিত হিমেল, একক আবৃত্তি পরিবেশন করেন ঋতুরাজ ফিরোজ, মো. মনিরুজ্জামান বাতুল, কণিকা গোপ, মাহফুজ হৃদয় ও জিনিয়া ফেরদৌস রুনা।
৪ দিনব্যাপী এই বিজয় উৎসবের সব আয়োজন শেষ হবে আগামীকাল।
বাংলা একাডেমি : বাংলা একাডেমিতে গতকাল বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে প্রতিষ্ঠানটি। সকাল ৭টায় রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা ৩টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। আলোচনায় অংশগ্রহণ করেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদ্বয়- অনল রায়হান এবং শমী কায়সার। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর।
শিল্পকলা একাডেমি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে দিনব্যাপী ছিল নানা অনুষ্ঠানমালা ও কর্মসূচির আয়োজন। এই দিন সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের স্মরণে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও দেশের গান এবং সন্ধ্যা সাড়ে ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদীচী শিল্পীগোষ্ঠী : নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের খ-িত নয়, পূর্ণাঙ্গ ও প্রকৃত ইতিহাস জানানো, মননশীল চর্চায় আরও বেশি উদ্বুদ্ধ করা এবং বুদ্ধিজীবী হত্যাকা-ের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে গান, আবৃত্তি, নাচ, আলোচনার মাধ্যমে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। জাতির সূর্যসন্তানদের হত্যার দিন শুক্রবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠান।
শিশু একাডেমি : শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ শিশু একাডেমি বিকাল ৩টায় একাডেমির শহীদ মতিউর রহমান মুক্ত মঞ্চে স্মৃতিচারণ, আলোচনা, দোয়া মাহফিল এবং মুক্তিযুদ্ধবিষয়ক বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।
আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর : শহীদ বুদ্ধিজীবী দিবসে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহিদজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর বেলা ১১টায় অধিদপ্তরের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আলোচনাসভা এবং শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
‘সলিটারি কনফাইনমন্টে’ নাটকের বিশেষ প্রদর্শনী : বুদ্ধিজীবী দিবসে শিল্পকলার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ‘সলিটারি কনফাইনমন্টে’ নাটকের বিশেষ প্রদর্শনী মঞ্চস্থ হয়েছে। নাট্যম রেপার্টরির এই নাটকটির রচনায় শাকিল আহমেদ ও নির্দেশনায় ছিলেন ড. আইরীন পারভীন লোপা।
এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলসহ সব সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের উদ্বোধন আজ : আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজন করা হয়েছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র শিক্ষালয় আয়োজিত ৬ মাসব্যাপী প্রামাণ্যচিত্র নির্মাণ সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে ভাবসংগীত পরিবেশন করবেন লামিয়া ঐশ্বর্য এবং রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন শহীদুল হক স্মার্ত। এ ছাড়া ফিলিস্তিনের গাজায় ইজরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার নিন্দা জ্ঞাপন করে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে প্রদর্শিত হবে আব্দুল্লাহ আল-খাতিবের প্রামাণ্যচিত্র ‘লিটল প্যালেস্টাইন : ডায়েরি অব আ সিইজ’।











































