খুলনাঞ্চল রিপোর্ট।।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার সাথে সাথেই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর হবে বলে একাধিক কূটনৈতিক সূত্র বাংলা ইনসাইডারকে জানিয়েছে। তবে এই তৎপরতা যতটা না হবে প্রকাশ্যে তার চেয়ে বেশি হবে গোপনে। এই তৎপরতার মধ্যে তিনটি ইস্যু প্রধানত থাকবে। তার মধ্যে প্রধান ইস্যু হবে মানবাধিকার। দ্বিতীয় ইস্যু হবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে কি না সে ব্যাপারে পর্যবেক্ষণ এবং তৃতীয় ইস্যু হবে নির্বাচনকালীন সময়ের সার্বিক পরিস্থিতি এবং অবস্থান।
মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের মানবাধিকার ইস্যুটি সবচেয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে গত ২৮ অক্টোবরের পর বিএনপির নেতাদের গ্রেপ্তার, তাদের বিচার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে। এই উৎসগুলোর মধ্যে গণমাধ্যমে সংবাদ, বিভিন্ন মানবাধিকার সংগঠনের রিপোর্ট ইত্যাদি রয়েছে। এই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ওয়াশিংটন একটি মানবাধিকার বিষয়ে অবস্থান গ্রহণ করতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।
দ্বিতীয়ত, সরকার ঘোষিত যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কতটুকু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায়। বিভিন্ন সূত্র বলছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেকোনো দেশের নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ থাকে। তারা নির্বাচনের বিষয়গুলোকে অবলোকন করে এবং এ ব্যাপারে তাদের অবস্থান পরবর্তীতে জানায়। একটি নির্বাচনকে যুক্তরাষ্ট্র সরকার বৈধতা দেবে কি না তা নির্ভর করে এই পর্যবেক্ষণের ওপর।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে বিষয়গুলো তারা দেখছে তাতে তার মধ্যে একটি ভাগ হল প্রাক নির্বাচনী অবস্থা। অর্থাৎ মনোনয়নপত্র দাখিল থেকে নির্বাচনী প্রচারণা সময় পর্যন্ত সুষ্ঠু পরিবেশ ছিল কি না, সকল পক্ষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে কি না, নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের অবস্থান কি রকম ছিল, তারা কতটুকু প্রচারণা সঠিক ভাবে করতে পেরেছেন ইত্যাদি বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে পর্যবেক্ষণ করছে।
তৃতীয় নির্বাচনকালীন সময়ে অর্থাৎ ভোট গঠনের সময়টিও মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে বলে নিশ্চিত হওয়া গেছে। এই পর্যবেক্ষণে তারা দেখবে যে নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন, ভোটারদেরকে কোন ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে কি না, জনগণ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারছে কি না, নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। আর এসবের ওপর নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের আবস্থান।
আগামী নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্য মনে করে কি না তা নির্ভর করবে এই তিনটি প্রেক্ষাপট বিশ্লেষণের ওপরে। প্রতিবারই মার্কিন যুক্তরাষ্ট্র করে থাকে বলে কূটনৈতিক মহল জানিয়েছেন। তবে এবারের বিষয়টি ভিন্ন, কারণে এবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে শুরু থেকেই অনেক বেশি সচেতন ছিল এবং এই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাও ছিল অনেক গভীর।
মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন। তবে হঠাৎ করেই ২৮ অক্টোবরের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরব হয়ে গিয়েছিল। এখন নির্বাচনের তফসিল ঘোষণা এবং প্রচারণার পর যুক্তরাষ্ট্র আবার নতুন করে ভূমিকা রাখতে শুরু করেছে। এখন দেখার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে যে তৎপরতা দেখাচ্ছে তার ফলাফল আমাদের নির্বাচনের ওপর পরে নাকি নির্বাচন পরবর্তী সময়ে এর ফলাফল আমরা অনুভব করতে পারব।











































