Home আঞ্চলিক বেলার গণশুনানিতে অভিযোগ: কেডিএ অপরিকল্পিত আবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না

বেলার গণশুনানিতে অভিযোগ: কেডিএ অপরিকল্পিত আবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না

38

স্টাফ রিপোর্টার।।

খুলনায় কৃষিজমি দখল করে অবৈধভাবে একের পর এক আবাসন প্রকল্প গড়ে উঠলেও তদারক সংস্থা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কোনো ব্যবস্থা নিচ্ছে না। খুলনায় ১১টি আবাসন কোম্পানির একটি প্রকল্পেরও অনুমোদন নেই। এসব প্রকল্পে জমি কিনে প্রতারিত হচ্ছেন গ্রাহক। এ ছাড়া অপরিকল্পতভাবে সম্প্রসারণ হচ্ছে খুলনা নগরী।

‘খুলনার আবাসন প্রকল্প এবং পরিবেশ’বিষয়ক এক গণশুনানিতে ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন। বুধবার নগরীর একটি হোটেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ শুনানির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান।

সূচনা বক্তব্যে রেজওয়ানা হাসান বলেন, কৃষিজমিতে বালু ভরাট করা হয় আবাসনের নামে, অথচ ওই স্থানে গিয়ে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। ভূমিদস্যুরা স্বার্থ উদ্ধারের জন্য কৃষিজমি বালু ভরাট করে বিক্রি করছে। এ অবস্থায় কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সরকারি দপ্তর এবং সচেতন মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
গণশুনানির শুরুতে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক অধ্যাপক আহসানুল কবীর। অপরিকল্পিত বসতি স্থাপনের জন্য নগরীর খাল ও জলাশয়গুলো ভরাট করা হচ্ছে, যা নিকট ভবিষ্যতে বড় ধরনের দুর্ভোগের কারণ হবে।

কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম বলেন, অপরিকল্পিত আবাসন প্রকল্পের বিরুদ্ধে কেডিএ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কোম্পানিগুলোকে নিবন্ধন এবং নিয়মের আওতায় আনতে কাজ চলছে।
শুনানিতে আরও বক্তব্য দেন কেডিএর পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আরিফুল আরেফিন ও বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।