Home Uncategorized বাংলাদেশ নিয়ে কি হচ্ছে যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ নিয়ে কি হচ্ছে যুক্তরাষ্ট্রে

47

ঢাকা অফিস
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ছুটিতে রয়েছেন। কিন্তু তাই বলে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ হয়ে নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন মার্কিন সিনেটের এবং কংগ্রেসম্যানরা বাংলাদেশ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি, মানবাধিকার পরিস্থিতি ইত্যাদি এখন মার্কিন নীতি নির্ধারকদের আতশি কাঁচের নিচে। তারা সব কিছুর দিকে নজর রাখছেন। তবে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে আনুষ্ঠানিক কোন রকম অবস্থান জানায়নি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র তার পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে, বাংলাদেশে তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। যে নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। এইটুকু তাত্ত্বিক কথার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখন পর্যন্ত সীমিত রয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কথার গোড়ার্থ সরকার এবং সংশ্লিষ্ট সকলকে অনুধাবন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এটি কোন গোপন বিষয় নয়। বরং গত দুই বছর ধরে তারা এই বিষয়টি নিয়ে কথা বলে আসছে। পাশাপাশি তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে চায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে নীরবতা পালন করছে তার একাধিক কারণ থাকতে পারে। কিন্তু তাই বলে বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিকে তাদের নজর নেই এমনটি ভাবা ভুল হবে।

গত দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক অবস্থান গ্রহণ করেছিল তার একটি প্রধান কারণ ছিল বিএনপি-জামায়াতপন্থিদের লবিং। তারা বিভিন্ন লবিস্ট ফার্ম নিযুক্ত করেছিল, যে লবিস্ট ফার্মগুলো সরকারের বিরুদ্ধে নানা রকম মিথ্যা, অর্ধসত্য, বিকৃত তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ব্যাপারে রীতিমতো ক্ষেপিয়ে তুলেছিল। সেই লবিস্টরা হঠাৎ করে চুপচাপ হাত পা গুটিয়ে যাবে এমনটি ভাবার কোন কারণ নেই। বরং তারা তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। বাংলাদেশের প্রতিটি ঘটনাই এখন মার্কিন যুক্তরাষ্ট্র নজর দিচ্ছে। সবচেয়ে যে বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন রকম অভিযোগ যাচ্ছে, তার মধ্যে অন্যতম হল মানবাধিকার লঙ্ঘনের বিষয়। বিশেষ করে বিরোধী দলগুলোর ওপর যে নির্যাতন, ধরপাকড় ইত্যাদি নিয়ে প্রতিদিনই বিভিন্ন কংগ্রেসম্যান এবং মার্কিন সিনেটের কাছে অভিযোগের স্তূপ জমা হচ্ছে। কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরার চেষ্টা করছেন বিএনপি-জামায়াতপন্থি লবিস্টরা। তার মধ্যে একটি হল যারা মারা গেছেন তাদেরকেও আসামি বানিয়ে দণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। এরকম একটি দণ্ডপ্রাপ্ত মৃত ব্যক্তিদের তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতিনির্ধারক মহলের কাছে দেওয়া হয়েছে।

বিএনপির বিভিন্ন কার্যালয় বন্ধ এই সংক্রান্ত ভিডিও চিত্র, ফটোগ্রাফ ইত্যাদিও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রদান করা হয়েছে। বিএনপি মার্কিন নীতি নির্ধারকদেরকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে বোঝাতে চাইছে যে সরকার তাদেরকে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে। নির্বাচনের এমন কোন পরিবেশ সৃষ্টি করা হয়নি যাতে করে বিএনপি নির্বাচনে আসতে পারে। বিএনপিকে নির্বাচনে আনার জন্য সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। বরং এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে যা মানবাধিকারের লঙ্ঘন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমস্ত অভিযোগের ব্যাপারে কি প্রতিক্রিয়া হয় সেটি একটি বড় বিষয়।

তবে রাষ্ট্রদূত না থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন, কংগ্রেসম্যান, সিনেটর এবং পররাষ্ট্র দপ্তরে পাল্টা নালিশও কম হচ্ছে না। বরং বিএনপি-জামায়াত যে নির্বাচনের পক্ষে নয়, তারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচন প্রতিহত করতে চায়, যা গণতন্ত্র বিরোধী, অসাংবিধানিক এই বক্তব্যটি বাংলাদেশ তুলে ধরার চেষ্টা করছে। ২৮ অক্টোবর থেকে বিএনপি -জামায়াতের সন্ত্রাস তাণ্ডব, নৈরাজ্য, গাড়ি পোড়ানো ইত্যাদি তথ্য উপাত্ত এবং ভিডিও চিত্র বিভিন্ন মার্কিন কংগ্রেসম্যানদের কাছে পাঠানো হয়েছে। সবকিছু মিলিয়ে পাল্টাপাল্টি এই অভিযোগের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে তার ওপর নির্ভর করছে বাংলাদেশের নির্বাচন এবং পরবর্তী রাজনীতির গতিপ্রকৃতি অনেক খানি।