Home খেলাধুলা তরুণদের পরখ করতে যুক্তরাষ্ট্রের লম্বা পরিকল্পনা

তরুণদের পরখ করতে যুক্তরাষ্ট্রের লম্বা পরিকল্পনা

35

স্পোর্টস ডেস্ক।।

আগামী বছর বেশ কিছু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে জানুয়ারি থেকে প্রস্তুতি শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় স্যান এন্টোনিওতে আগামী ২০ জানুয়ারি স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মার্কিনীরা।

সেই ম্যাচে তরুণদের পরখ করে দেখাই যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেলহল্টারের মূল লক্ষ্য। ঘরের মাঠে কোপা আমেরিকা, প্যারিস অলিম্পিক ও টানা তৃতীয়বারের মত কনকাকাফ নেশন্স লিগের শিরোপা জয়ের লক্ষ্যে ২০২৪ সালে মাঠে নামবে যুক্তরাষ্ট্র।

বেলহল্টার বলেছেন, ‘আমাদের সামনে আগামী প্রজন্মের খেলোয়াড়দের খুঁজে বের কেরা ও তাদের সঙ্গে কাজ করার সুযোগ আসছে। বিভিন্ন সূচিতে তাদের সম্ভাব্যতা এর মাধ্যমে যাচাই করা সম্ভব হবে।

২০২৬ সালে যেহেতু যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সে কারণে আমাদের লক্ষ্য গুরুত্বপূর্ণ টুর্ণামেন্টগুলোতে যতটা সম্ভব বেশি সংখ্যক খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া।

অলিম্পিক, কনকাকাফ নেশন্স লিগ ও কোপা আমেরিকায় খেলোয়াড়দের নিজেদের প্রমাণের একটি ক্ষেত্র তৈরি হবে। এ কারণে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচ তাদের জন্য প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।’

২০১৫ সালের পর এটি স্যান এন্টোনিওতে যুক্তরাষ্ট্রের প্রথম সফর। মার্চে নেশন্স লিগের সেমিফাইনালে স্বাগতিক হিসেবে জ্যামাইকার মোকাবেলা করবে দেশটি।

এরই মধ্যে জুনের কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করেছে যুক্তরাষ্ট্র। এবারের কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকার ১০টি দল ছাড়াও উত্তর আমেরিকা থেকে ৬টি দল অংশ নেবে।