স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও পিএসজির মত দলগুলো। কারো লক্ষ্য নকআউটের টিকিট নিশ্চিত করা, আবার কেউবা হতে চায় গ্রুপ সেরা। হাইভোল্টেজ প্রায় সব সবকটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।
আজ ঘরের মাঠে নিউক্যাসলের মুখোমুখি হবে পিএসজি। ডর্টমুন্ডকে আতিথ্য দেবে এসি মিলান। পোর্তোর বিপক্ষে লড়বে বার্সেলোনা। ম্যান সিটির প্রতিপক্ষ লাইপজিগ।
আজ চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের হিসেবে কারো লক্ষ্য শেষ ষোলো নিশ্চিত করা, কেউ হতে চায় গ্রুপ চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের অন্যতম সেরা দল বার্সেলোনা অবশ্য দুটোকে চাইবে এক বিন্দুতে মেলাতে। পর্তুগিজ ক্লাব পোর্তোর প্রতিপক্ষ বার্সা।
৪ ম্যাচে দু’দলের ৯ পয়েন্ট। যে জিতবে তাদেরই শেষ ষোলো নিশ্চিত হবে। আর হারলে ছয় পয়েন্ট নিয়ে শাখতার দোনেৎস্কের সঙ্গে হবে প্রতিযোগিতা। শেষ দুই মৌসুম প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলো বার্সা। এইচ গ্রুপের শীর্ষে থেকে সে আক্ষেপ ঘোচাতে চায় তারা।
ইনজুরির কারণে আজ খেলছেন না গোলকিপার টের স্টেগেন। তারপরও তোরেস, জোয়াও ফেলিক্সরা মুখোমুখি সেরা নৈপুণ্য দেখাতে। আর বার্সা কোচ জাভির চোখে এটি ফাইনাল ম্যাচ। এফ গ্রুপের হিসাব নির্ভর করছে ডর্টমুন্ড, পিএসজির উপর।
এই দুই দল জিতলে স্বপ্ন ভঙ্গ হবে এসি মিলান ও নিউক্যাসেলের। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ডর্টমুন্ড। এক পয়েন্ট কম ফরাসি জায়ান্টদের। তবে দুশ্চিন্তার কারণ প্রথম লেগে ইংলিশ ক্লাব নিউক্যাসেলের কাছে বিধ্বস্ত হয়েছিল লুইস এনরিকের দল। সেই হারের বদলা নিতে মুখিয়ে কিলিয়ান এমবাপ্পে, দেম্বেলেরা।
ম্যান সিটির নকআউট নিশ্চিত। লাইপজিগকে হারিয়ে ধরে রাখতে চায় জি গ্রুপের শীর্ষস্থান। শেষ দেখায় ৩-১ গোলে জয় পেয়েছিল সিটিজেনরা। ম্যাচটা ঘরের মাঠে বলে হালান্ড, আলভারেজ, বার্নান্দো সিলভারা করতে চান গোল উৎসব। দলকে আশা দেখাচ্ছে শক্তিশালী বেঞ্চ। নেই ইনজুরি নিয়ে খুব একটা দুশ্চিন্তা।











































