ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা খুব একটা খারাপ হয়নি বাংলাদেশের। তবে বিকেলের সেশনে টাইগাররা ১২৫ রান তুলতেই হারায় ৫ উইকেট। আর তাতেই চাপে স্বাগতিকরা। প্রথম দিন ৯ উইকেট হারালেও ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এদিন ব্যাট হাতে দারুণ ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় জানিয়েছেন, দ্বিতীয় দিন বাংলাদেশের পরিকল্পনা কেমন থাকবে।
নিজের ইনিংসটাকে আরেকটু বড় করতে পারলেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা পেয়ে যেতেন জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে আউট হন ৮৬ রান করে। সর্বশেষ টেস্টে মিরপুরে ৭৬ করে ফিরেছিলেন তিনি।
জয় বলেন, ‘বোর্ডে ৩০০ প্লাস রান আছে। আমরা ভালো পজিশনে আছি। চেষ্টা করবো যে রান আছে ঐ রানের মধ্যে কোয়ালিটি স্পিনার দিয়ে ওদের আটকে রাখতে। স্পিনাররা যদি ভালো জায়গায় বল করতে পারে তাহলে তাদের কম রানে অল আউট করা সম্ভব হবে।’
নিজের ইনিংস নিয়ে জয় বলেন, ‘আমারও বড় ইনিংস খেলার সুযোগ ছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রতিদিন এ রকম সুযোগ আসে না। সবাই ভালো শুরু পেয়েছিল, কিন্তু বিল্ডআপ করতে পারেনি। এটা আমাদের আক্ষেপ।’











































