খুলনাঞ্চল ডেস্ক।।
আঁকতে ভালোবাসে দুবাইয়ের বাসিন্দা ১১ বছরের নকশ আওতানি। এবার সে তার এই ভালোবাসাকে নিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়ালো। আওতানি একইসঙ্গে চিত্রকর ও উদ্যোক্তা। জুতা কাস্টমাইজ করার দারুণ দক্ষতা আছে তার। এই ব্যবসা থেকে যে আয় হয় তার একটি অংশ দান করে দেয় সে। এ খবর দিয়েছে খালিজ টাইমস।
আওতানি জানায়, আমি আমার পরিবারের ফিরিয়ে দেয়ার সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়েছি। আমার সর্বশেষ প্রকল্পের লক্ষ্য হচ্ছে, গাজার চলমান সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য তহবিল সংগ্রহ করা। নকশ তার শৈল্পিক দক্ষতা ব্যবহার করে শুধু জুতাই নয়, মগ, কোস্টার এবং টোট ব্যাগও তৈরি করে।
দুবাই কলেজে অধ্যয়নরত কম বয়স্ক এই উদ্যোক্তা জানায় যে, প্রতিটি ছোট প্রচেষ্টা থেকেই বড় কিছু হয়। যদি তার এই প্রচেষ্টার কারণে গাজার শিশুরা এক বেলা খাবারও খেতে পারে, তাহলেও সে এই ভেবে শান্তি পাবে যে অন্তত যুদ্ধে ক্ষতিগ্রস্ত সমবয়সীদের জন্য কিছু একটা করতে পেরেছে সে। আওতানি আরও বলে, এই দিওয়ালিতে শুধু নিজের বাড়িতেই বাতি জ্বালালে হবে না, যারা অন্ধকারে থাকতে বাধ্য হচ্ছে তাদের ঘরেও বাতি জ্বালানোর ব্যবস্থা করতে হবে।
মাত্র দুই বছর বয়সে আওতানি ছবি আঁকার প্রতি তার ভালোবাসার বিষয়টি বুঝতে পারে।
তিন বছর আগে যখন তার বয়স মাত্র আট, তখন থেকেই সে উদ্যোক্তা হিসেবে তার যাত্রা শুরু করে। তার যাত্রা যদিও বেশ অপ্রত্যাশিতভাবে শুরু হয়েছিল। তার বড় ভাই একদিন তার এক জোড়া জুতার ওপর আওতানিকে ছবি আঁকতে বলেছিল। তার সেই কাজ এতটাই ভালো হয়েছিল যে আশেপাশের অন্যরাও আওতানিকে দিয়ে তাদের জুতায় নানা ছবি আঁকাতে শুরু করে।
তার এখনকার ব্যবসাও একদম একই আছে। সে সাদা জুতায় ব্যবহারকারীর পছন্দের চরিত্রের ছবি আঁকে। তার এই কাজ থেকে আয়ের বেশিরভাগই সরাসরি দাতব্য প্রতিষ্ঠানে যায়।











































