Home খেলাধুলা ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করে রিয়াল কোচ বললেন, ‘মৌসুমসেরা ম্যাচ খেলেছি’

ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করে রিয়াল কোচ বললেন, ‘মৌসুমসেরা ম্যাচ খেলেছি’

6

স্পোর্টস ডেস্ক।।

স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। পয়েন্ট হারায় রায়ো ভায়েকানোর কাছে। ব্যর্থতার বৃত্ত ভেঙে বিধ্বংসী পারফরম্যান্সে জয়ে ফিরলো লস ব্লাঙ্কোরা। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয় রয়্যাল হোয়াইটরা। মাদ্রিদিস্তাদের এই পারফরম্যান্সকে ‘মৌসুমসেরা’ বলছেন কোচ কার্লো আনচেলত্তি।

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোলটি করেন দানি কারভাহাল। ৪২ ও ৪৯তম মিনিটে জোড়া গোলে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়র। ৫০ এবং ৮৪তম মিনিটে জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। আর ৮৮তম মিনিটে একটি গোল শোধ করেন ভ্যালেন্সিয়ার স্প্যানিশ ফরোয়ার্ড হুগো দুরো।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আজ (শনিবার) আমরা এখন পর্যন্ত মৌসুমের সেরা ম্যাচটি খেলেছি। আমরা হয়তো প্রথম ১৫ মিনিট আরো ভালোভাবে রক্ষণ সামলাতে পারতাম।

কিন্তু ওইটুকু বাদ দিলে আমাদের জন্য নিখুঁত একটি ম্যাচ ছিল।’
দুই ব্রাজিলিয়ান ভিনিসিউস এবং রদ্রিগোর প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিউস ও রদ্রিগো তাদের সেরা ছন্দে ফিরে এসেছে। শেষ দুই ম্যাচে তারা খুবই ভালো খেলেছে। তারা ভালোভাবে জুটি বেঁধেছে, জায়গা বের করেছে এবং দারুণ ফুটবল খেলেছে।’

১৩ ম্যাচে ১০ জয় এবং ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৭। আর ১৮ পয়েন্ট নিয়ে নয়ে ভ্যালেন্সিয়া।