Home খেলাধুলা বিরাট, দিল্লির গর্বের সঙ্গে দুঃখও

বিরাট, দিল্লির গর্বের সঙ্গে দুঃখও

56

খেলা ডেস্ক।।
শচীন টেন্ডুলকারের পর কে! সেই প্রশ্নের উত্তর পেতে ভারতকে অবশ্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। শচীনের চোখের সামনেই বিরাট কোহলি ছুটেছেন তাকে ছাড়িয়ে যাওয়ার মিশনে। এমন গ্রেট ক্রিকেটারের জন্ম যেখানে সেখানে তো তাকে নিয়ে গর্বের শেষ থাকার কথা নয়। দিল্লির ছোট্ট শহর গুরগাঁওয়ে জন্ম বিরাট কোহলির। সেখানেই বেড়ে ওঠা। ফিরোজ শাহ কোটলা (বর্তমান অরুণ জেটলি) স্টেডিয়ামে শুরু করেন নিজের ক্রিকেট ক্যারিয়ার। বাংলাদেশ দল গেল দুই দিন যেখানে বসেছিল ঠিক তার মাথার উপর লেখা ‘বিরাট কোহলি প্যাভেলিয়ন।’ এই স্টেডিয়াম থেকে ২০ কিলোমিটার দূরে পশ্চিম বিহার, সেখানেই ছোট্ট একটা একাডেমিতে বিরাটের বিশাল হওয়ার গল্প শুরু। তিনি এখন নিজ শহর দিল্লির গর্ব। তবে আছে দুঃখও। কারণ বিরাট যে এখন মুম্বইয়ে গড়েছেন স্থায়ী ঠিকানা।

 

গুরগাঁওয়ে একটি বিশাল ফ্ল্যাট থাকলেও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করে শ্বশুর বাড়ির এলাকা মুম্বইকে নিয়েছেন আপন করে। আর সেই কারণেই দিল্লিতে তাকে নিয়ে চাপা অভিমান। কারণ বছরের বড় একটা সময় কোহলি কাটান মুম্বইয়ে। এরপর বেঙ্গালুরুতে আইপিএল খেলতে।
দিল্লির বিবিসি’র সংবাদকর্মী নিতিন শ্রীবাস্তব বলেন, ‘কোহলির এখানে জন্ম তবে তারকা হওয়ার পর থেকে তার সঙ্গে এই শহরের দূরত্ব বেড়েছে। দিল্লির হয়ে এখন তিনি খেলেন না ঘরোয়া ক্রিকেট এমনকি আইপিএলও। আর মুম্বইতো এখন তার শুরুর বাড়ি। আনুশকাকে বিয়ে করার পর দিল্লির সঙ্গে তার দূরত্ব অনেক বেশি। এখানকার সাধারণ মানুষ তাকে নিয়ে চাপা অভিমান পোষণ করে।’ একটা সময় দিল্লি ছিলো ক্রিকেটের আখড়া। অরুণ জেটলি স্টেডিয়ামের প্যাভিলিয়নের দিকে তাকালেও বোঝা যাবে কত ক্রিকেট গ্রেট জন্ম দিয়েছে এই শহর। প্রেসবক্সের ঠিক উল্টো দিকে গৌতম গম্ভীর স্ট্যান্ড। পাশে মহিন্দর অমরনাথ স্ট্যান্ড। বিরাট প্যাভিলয়নের পাশেই বিষেণ সিং বেদি স্ট্যান্ড। গ্যালারি জুড়ে নাম না থাকলেও কপিল দেব, বিরেন্দ্র সেওয়াগরা এই দিল্লিরই ক্রিকেটার। কিন্তু দিল্লি ধিরে ধিরে হারিয়ে ফেলছে তার ক্রিকেট গৌরব।

এখনকার অন্যতম দুঃখ কুয়াশা আর ধোঁয়াশা। শীতে ক্রিকেট মৌসুম যখন শুরু হয় ঠিক তখনই শুরু হয় এই দুইয়ের উৎপাত। এছাড়া অন্তর্কোন্দল তো আছেই। বিরাট মুম্বই ছাড়লেও তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা এখনো দিল্লিতে চালিয়ে যাচ্ছেন তার ক্রিকেট কারখানা। তার সঙ্গে যোগাযোগ হলে এক বাক্যে বলে দেন বিরাট নিয়ে তিনি কোনও কথা বলতে রাজি নন। তিনি বলেন, ‘অনেক দূর থেকে এসেছেন। কিন্তু আমি যে বিরাট নিয়ে কোনও কথা বলতে চাই না। তার বিষয়ে কোন কিছু না বললেই আমি খুশি হবো।’ তার কোচ এমন অদ্ভুত আচরণ করছেন নাকি বিশ্বকাপের শুরু থেকেই। দিল্লির সংবাদকর্মীদের সঙ্গেও কথা বলছেন না। এর পেছনের কারণ নিয়ে অবশ্য প্রচলিত আছে নানা কথা। কোচের সঙ্গে নাকি বেড়েছে কোহলির দূরত্ব। এজন্য কোচের অভিমান। আবার এও জানা যায় বিরাট এখনো কোচের কথা মাথায় নেন। যে কারণে বিশ্বকাপ চালাকালে তিনি শিষ্যকে নিয়ে মন্তব্য করতে রাজি নয়। এতে যদি প্রভাব পড়ে বিরাটের পারফরম্যান্সে!