Home খেলাধুলা ৪৯তম সেঞ্চুরি ছোঁয়ায় কোহলিকে অভিনব বার্তা শচীনের

৪৯তম সেঞ্চুরি ছোঁয়ায় কোহলিকে অভিনব বার্তা শচীনের

39

স্পোর্টস ডেস্ক।।

৩৫তম বছরে পা দিয়েছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। আজ সকালেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কোহলিকে জন্মদিনের জানিয়েছিলেন শচীন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরিতে নিজের জন্মদিন কোহলি স্মরণীয় করে রাখলেন শচীনেরই রেকর্ড ছুঁয়ে।

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন যৌথভাবে কোহলি ও শচীন। ওয়ানডেতে দুজনরই এখন ৪৯টি করে শতক। কোহলির করা ১২১ বলে ১০১ রানের ইনিংসে ভর করেই প্রোটিয়াদের হারিয়ে দিল ভারত। অসাধারণ এই কৃতিত্বে কোহলিকে অভিনন্দন জানাতে ভোলেননি শচীন। অভিনব কায়দায় কোহলিকে ৪৯তম সেঞ্চুরির শুভেচ্ছা জানালেন তিনি।

শচীন তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘দারুণ খেলেছ বিরাট। এ বছরের শুরুর দিকে ৪৯ থেকে ৫০ হতে আমার ঠিক ৩৬৫ দিন সময় লেগেছে। কিন্তু আমার আশা, আগামী কয়েক দিনের মধ্যেই ৪৯ থেকে ৫০-এ পৌঁছে গিয়ে আমার রেকর্ড ভেঙে দেবে। অনেক শুভেচ্ছা।’ প্রসঙ্গত, শচীনের জন্মদিন ২৪ এপ্রিল। এ বছরের ওই দিনে ৫০ বছর পূর্ণ হয়েছে তার।

কোহলির জন্মদিনে ভারতও পেল বিশাল জয়। চলমান বিশ্বকাপে যে দক্ষিণ আফ্রিকা ৪০০ করাই অভ্যাসে পরিণত করেছিল,তাদেরকেই মাত্র ৮৩ রানেই অলআউট করে দিল ভারত। ভারতের দেওয়া ৩২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ধস নামে প্রোটিয়াদের ব্যাটিং লাইনে। ২৪৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায় তারা। যা তাদের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে সর্বোচ্চ বড় হার।

জন্মদিনের মতো বিশেষ দিনে দলের বড় জয়, সেঞ্চুরির রেকর্ড, সাথে ম্যান অব দি ম্যাচের কৃতিত্ব পেলেন বিরাট। এর চেয়ে আদর্শ জন্মদিন পালন করেছেন কি না কোহলি, সেটি এখন অনুসন্ধানের বিষয়।