Home খেলাধুলা শেষমেশ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন নারাইন

শেষমেশ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন নারাইন

36

স্পোর্টস ডেস্ক।।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। টেস্টে সর্বশেষ ২০১৩ সালে, ওয়ানডেতে ২০১৬ সালে ও টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেই দিলেন এক সময়ের সেরা এই স্পিনার।

আজ রবিবার এক ইনস্টাগ্রাম বার্তায় ৩৫ বছর বয়সী নারাইন অবসরের এই ঘোষণা দেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন নারাইন।

নারাইন তার অবসর বার্তায় লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিগত চার বছর ধরে আমি খেলিনি। রবিবার আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। জনপরিসরে বেশি কথা বলার মানুষ আমি না। তবে ব্যক্তিগতভাবে অল্প কিছু মানুষই আমাকে ক্যারিয়ারজুড়ে নিঃশর্ত সহায়তা করে গেছেন এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখায় সাহায্য করেছেন। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমি।’

২০১১ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নারাইনের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১২২টি ম্যাচ খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন ১৬০টি। এর মধ্যে টেস্টে ২১টি, এক দিনের ম্যাচে ৯২টি ও টি-টোয়েন্টিতে ৪৭টি উইকেট নিয়েছেন তিনি।