Home খেলাধুলা ‘মানবাধিকার নাকি দুই পয়েন্ট’, সিরিজ বাতিলের প্রসঙ্গ টেনে অজিদের খোঁচা নাভিনের

‘মানবাধিকার নাকি দুই পয়েন্ট’, সিরিজ বাতিলের প্রসঙ্গ টেনে অজিদের খোঁচা নাভিনের

36

স্পোর্টস ডেস্ক।।
আফগানিস্তানের ক্ষমতায় এসেই নারীদের নিয়ে কঠোর আইন চালু করে তালেবান সরকার। মুসলিম অধ্যুষিত দেশটিতে নারীদের খেলাধুলা নিষিদ্ধ করে দেয়া হয়, চলাফেরায় আনা হয় নানা বিধিনিষেধ। এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে দিয়েছিল অস্ট্রেলিয়া। সেই আফগানদের বিপক্ষেই এবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে অজিরা। পুরনো সেই প্রসঙ্গ টেনে অস্ট্রেলীয়দের খোঁচা মারলেন আফগান পেসার নাভিন উল হক। গত মার্চে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে দেশটিতে নারী ও শিশু শিক্ষায় তালেবান সরকারের কড়াকড়ি নিয়ম প্রয়োগ করায় তার প্রতিবাদস্বরূপ এই দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের বিবৃতিতে বলা হয়, ‘তালেবানরা আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ নিষিদ্ধ করায় এবং মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ করায় অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপেই সিরিজ বাতিল করে সিএ।’ আগামীকাল মুম্বইয়ে বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচের আগে সিরিজ বাতিলের সেই প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় নাভিন উল হক লিখেন, ‘(আমাদের সঙ্গে) দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। এখন তারাই বিশ্বকাপের ম্যাচে আমাদের সঙ্গে মুখোমুখি হচ্ছে।’ এরপর নাভিন লিখেন, ‘মানবাধিকার রক্ষা করবেন নাকি ২ পয়েন্ট নেবেন?’ বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লীগ টেবিলের ষষ্ঠ স্থানে আফগানিস্তান।

৭ ম্যাচে ৫ জয়ে টেবিলের তিনে অস্ট্রেলিয়া। লীগ পর্বে দুই দলেরই বাকি দুই ম্যাচ করে। এতে শতভাগ জয় না পেলে সেমিফাইনালের আশা ছেড়ে দিতে হবে অস্ট্রেলিয়া বা আফগানিস্তানকে।