স্পোর্টস ডেস্ক।।
চরম বায়ুদূষণের কবলে দিল্লি। এই মাঠেই আগামীকাল সোমবার শ্রীলংকার বিপক্ষে নামবেন সাকিব আল হাসানরা। ম্যাচ সামনে রেখে গতকাল শনিবার বাংলাদেশের স্কোয়াডে থাকা ১৩ জন অনুশীলনে ছিলেন। তবে দূষিত বায়ুর কারণে আজ রবিবারের অনুশীলনে দলের মাত্র ৮ জন উপস্থিত ছিলেন।
দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, যারা আজকের অনুশীলনে আসেননি তাদের দূষণের কারণে হাঁপানি হয়ে গেছে। তাই কোনো ঝুঁকি নেওয়া হয়নি। জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
এর আগে, গত শুক্রবার অনুশীলন সেশন বাতিল করে বাংলাদেশ। শনিবার বিকেলে অনুশীলন বাতিল করে শ্রীলংকাও।
হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের ডাক্তার খেলোয়াড়দের কড়া পর্যবেক্ষণে রেখেছেন। কিছু খেলোয়াড় অনুশীলনে আসননি কারণ তারা হাঁপানিতে আক্রান্ত হয়েছেন। তাই তারা হোটেলেই অবস্থান করছেন। এছাড়া অনুশীলনের সময়ও বেশ সতর্ক থাকছি আমরা। যে অনুশীলন আমাদের করতে হয়, সেগুলোই করাই আমরা। এরপর তারা ড্রেসিংরুমে চলে যায়। বোলিং বা ব্যাটিং ছাড়া তারা সময় নষ্ট করে না।’
বাংলাদেশের হেড কোচ আরও বলেন, ‘বাতাসের মানের ওপর দল নির্বাচন নির্ভর করছে না। এমন পরিস্থিতিতে খেলার দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে দল সতর্ক। আমাদের অনুশীলন করা প্রয়োজন, তারপরও এমন পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে। বায়ুর অবস্থা দুই দলকেই ক্ষতিগ্রস্ত করছে। এটি আদর্শ নয়। কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমাদের সামনে যেই অবস্থা আছে তাতেই খেলতে হবে।’
বাতাসের গুণমান সম্পর্কে আইসিসির নিয়মানুযায়ী এবং একজন ফুসফুস বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দুইশর নিচে থাকলে সেটিকে খেলার জন্য নিরাপদ ধরা হয়। এর বেশি একিউইতে খেললে বিপদে পড়তে হতে পারে। যদিও এটি একটি নির্দেশিকা মাত্র।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, রবিবার বিকেলে অরুন জেটলি স্টেডিয়ামের আশেপাশে একিউআইয়ের মাত্রা চারশরও বেশি ছিল। দিনের কিছু সময়ে সেটি পাঁচশও ছুঁয়েছে। গত বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় একিউআই চারশ ছাড়ানোয় দিল্লিতে ‘এয়ার ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়। এছাড়া দুইদিনের জন্য স্কুল বন্ধ ও যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত বায়ুর দূষণ এমন থাকবে বলে জানানো হয়েছে।











































