ঢাকা অফিস।।
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ৬৬৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী (স্বতন্ত্র প্রার্থী) জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭৭৫৮ ভোট। অন্যদিকে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির রাকিব হোসেন পেয়েছেন ৩,৮৪৬ ভোট।
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে চার প্রার্থীর মধ্যে দু’জন ভোট বর্জন করেছেন। তাদের মধ্যে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন রোববার দুপুর দেড়টার দিকে ও জাকের পার্টির শামছুল করিম খোকন বেলা ২টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন অভিযোগ করে বলেন, ৯০ ভাগ কেন্দ্র থেকে আমার এজেন্টকে বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। এ ছাড়া তারা জাল ভোট দিচ্ছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য, অথচ ভেতরে গিয়ে দেখা যায় ভোট পড়েছে। তাহলে এসব ভোট কারা দিচ্ছে।
এই প্রার্থী আরও বলেন, এই নির্বাচনের নামে আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। তাই এ ভোট বর্জন করলাম।
অন্যদিকে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. শামছুল করিম খোকন বলেন, শুরু থেকে প্রশাসন আমাদের সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন প্রশাসন নীরব। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের লোকজন জালভোট দিচ্ছে। তাদের নেতাকর্মীরা কেন্দ্রে বলপ্রয়োগ করছে। তাই ভোটের পরিবেশ না থাকায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জন করলাম।
জাল ভোট ও অনিয়মের বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, একজন প্রার্থী আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে। সে বিষয়টি আমরা দেখছি। আমরা অনেক কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি বলেন, আমাকে পরাজিত করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সে ক্ষেত্রে ভোটার তালিকায় গরমিল করাসহ আমার ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এ ছাড়া আশুগঞ্জের কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে নৌকার প্রার্থীর সমর্থকরা ভোট ছাপিয়ে ফেলছে। অন্তত ৭টি কেন্দ্রে সূক্ষ্ম কারচুপি চলেছে। জিয়াউল হক মৃধা অভিযোগ করে বলেন, সরাইলের প্রায় সবক’টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে সরবরাহকৃত ভোটার তালিকা ত্রুটিপূর্ণ। সূক্ষ্ম কারচুপির অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবেই এটি করা হয়েছে। এ ছাড়া আশুগঞ্জের শরীফপুর, আন্দিদিল, যাত্রাপুর, বড়তল্লা, টেকেরপাড়, চরচারতলা ও নাওঘাট কেন্দ্র্রে নৌকার জালভোট দেয়া হয়েছে। শরীফপুর কেন্দ্রের ভোটগ্রহণ বাতিলের দাবি করছি বলে জানান।
অভিযোগ সম্পর্কে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রশাসককে মৌখিকভাবে জানানো হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন থেকে যে তালিকা আমাদের দেয়া হয়েছে, সেই তালিকাই আমরা ভোটের সরঞ্জামের সঙ্গে কেন্দ্রগুলোতে পাঠিয়েছি। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
ভোটার কম, ফলস আর ওপেন ভোটের অভিযোগ
জাবেদ রহিম বিজন ও মাহবুব খান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, কয়েকটি কেন্দ্রে ‘ফলস’ আর ‘ওপেন’ ভোটের অভিযোগ বাদ দিলে শান্তিপূর্ণ ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ভোটগ্রহণ। তবে ভোটার উপস্থিতি ছিল কম। গতকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর অনেক কেন্দ্রে গিয়ে ভোটারের দেখা পাওয়া যায়নি। বিকাল ৪টায় ভোটের শেষ পর্যন্ত ভোটারের ভাটা ছিল। সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪১৩০ ভোটের মধ্যে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়ে ৫৪০টি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রীতেশ গোস্বামী বলেন, প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের আগ্রহী করতে পারেনি। সেজন্য হয়তো ভোটার কম। সকাল সাড়ে ৯টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার তারুয়া শালুকপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট পড়ে ৮৭টি এবং একই সময়ে সোহাগপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোট পড়েছে।
ভোট শুরুর পর ২ ঘণ্টায় সকাল ১০টা পর্যন্ত ৫ পার্সেন্ট ভোট পড়েছে বলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম তথ্য দেন। তিনি বলেন- ২ ঘণ্টার এই ফিগার আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তবে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হচ্ছে বলে জানান তিনি। আশুগঞ্জ যাত্রাপুর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে ওপেন ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
কেন্দ্র দুটিতে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়। এনিয়ে নৌকার সমর্থকদের সঙ্গে ভোটারদের বাকবিতণ্ডা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বিষয়টি জানতে পেরে স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম পাঠিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। যাত্রাপুর নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রিজাইডিং অফিসার হোসেন মো. হাবিবুর রহমান বলেন, পাশের রুমে আমি কাজ করছিলাম এ সময় বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলে আমি এসে দেখি বাকবিতণ্ডা চলছে। পরে আমি মোবাইল ও স্ট্রাইকিং টিম খবর দিলে তারা এসে ঘটনা নিয়ন্ত্রণে আনেন। বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ উপজেলার ৯৪নং দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে জাল ভোট দিতে দেখা যায়। এ ছাড়াও প্রকাশ্যে নৌকা প্রতীকে এই কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে। এই কেন্দ্রের ৪নং কক্ষে সহকারী প্রিজাইডিং অফিসার জাফরিন ব্যালট পেপার ছিঁড়ে দিলে তার সামনেই নৌকা প্রতীকের এজেন্ট আজহারুল আমিনকে ভোট দিতে দেখা যায়।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নির্বাচনে ৮০০ পুলিশ ও ১৫৮৪ জন আনসার মোতায়েন করা হয়। এ ছাড়া বিজিবি ও র্যাব সদস্যরা মাঠে কাজ করে।











































