স্টাফ রিপোর্টার
খুলনায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাতে খুলনার রূপসা উপজেলার তালিমপুর এলাকায় রূপসা-বাগেরহাট সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
বাসচালক অমিত কুমার দাস জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাসে আইচগাতি গ্রামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর বাসটি ফিরছিল। পথে রূপসা-বাগেরহাট সড়কে তালিমপুর এলাকায় জামে মসজিদের পাশে বাসটি রাখা হয়। এরপর তিনি পাশের একটি দোকানে চা পান করতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কে বা কারা বাসে (খুলনা ব-৯১৭) আগুন দেয়। স্থানীয়রা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। কিন্তু তার আগেই বাসটি পুড়ে যায়।
তিনি আরও জানান, বাসটির মালিক বাগেরহাটের রামপালের জাহাঙ্গীর মোল্লা।
রূপসা থানার ওসি মো. শাহিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা আগুন দিয়েছে তাদের ধরতে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে।











































