ঢাকা অফিস
বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এদিকে, বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরকে ৪ এবং নাশকতা মামলায় দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার ঢাকার পৃথক তিনটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
জানা গেছে, ওবিবার ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় বিমান বাহিনীর সাবেক প্রধান আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র্যাব। দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক আবু আনছার।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী তাকে কারাগারে রাখার আদেশ দেন।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটক করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক ওবিবার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
এ সময় আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, মোহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করে।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় বাস পোড়ানোর ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ওবিবার সন্ধ্যায় শাহজাহান ওমরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক সাইরুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম তাকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের যাত্রী ছাউনীর সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় বাসের চালক বাদী হয়ে মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক করা হয়।











































