Home আঞ্চলিক ৪ বছরের প্রেম, বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে আগুন

৪ বছরের প্রেম, বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে আগুন

39

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১টার দিকে নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে গোয়ালঘর, তিনটি ষাঁড় পুড়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ থেকে জানা যায়, এলংগী গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সম্রাট শেখ দীর্ঘদিন ধরে বড়ুরিয়া গ্রামের এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। মাঝেমধ্যেই বিয়ের প্রস্তাব দিয়ে বাড়িতে লোক পাঠাত। বিয়েতে রাজি না হওয়ায় হুমকিও দেওয়া হতো। সম্রাট এখন সৌদিপ্রবাসী। সেখান থেকেও ফোন করে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন তিনি। গত শনিবার রাত ১টার দিকে তার লোকজন ছাত্রীর বাড়ির প্রবেশপথ, গোয়ালঘর ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও দুই মণ রসুনের বীজ, শ্যালো ইঞ্জিন ও তিনটি ষাঁড় পুড়ে যায়।

ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, সম্রাটের সঙ্গে চার বছর আগে সম্পর্ক ছিল। মনের মিল না হওয়ায় দুই বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকেই এসিড নিক্ষেপ, হত্যা ও পুড়িয়ে মারার হুমকি দিয়ে আসছে সম্রাট। এ নিয়ে কয়েকবার সালিশও হয়েছে।

আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে সম্রাটের মা স্বর্ণ খাতুন বলেন, সম্রাটের সঙ্গে ওই মেয়ের সম্পর্ক ছিল। বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাড়িতে গেলে ওর বাবা-মা প্রত্যাখ্যান করেন। সম্রাট সৌদি চলে যাওয়ার পর তাদের সঙ্গে আর যোগাযোগ করিনি। আগুন দেওয়ার প্রশ্নই ওঠে না।

থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।