স্পোর্টস রিপোর্টার।।
২০২১ সালের জুলাই থেকে সংস্কার কাজ চলছে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গ্যালারি, ফ্লাডলাইট ও প্রেসবক্স আধুনিকায়নের কাজ বাকি থাকলেও শেষ হয়েছে অ্যাথলেটিক্স ট্র্যাকের নির্মাণ কাজ। ট্র্যাকের কাজ শেষ হওয়াতে এখানে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজন করতে চায় ফেডারেশন। আগামী ২৬-২৮শে অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের আসর। আসরটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করার বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘আমরা জাতীয় অ্যাথলেটিক্স আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। প্রায় আড়াই বছর পর আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতে যাচ্ছি, যা আমাদের জন্য দারুণ বিষয়। আশা করি অ্যাথলেটরা নতুন টার্ফে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারবে।’ জাতীয় অ্যাথলেটিক্সের প্রায় সকল ইভেন্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজনের ব্যবস্থা থাকলেও হ্যামার থ্রো আর্মি স্টেডিয়ামে আয়োজন করবে ফেডারেশন। অ্যাথলেটিক্স টার্ফের মেয়াদ সাধারণত ১০-১২ বছর। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স টার্ফটি ২০১৩-১৪ সালের দিকেই মেয়াদোত্তীর্ণ হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ টার্ফে ২০২০ সাল পর্যন্ত খেলা চালিয়েছে ফেডারেশন।
২০২০ সালের নভেম্বর থেকে ফেডারেশন বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তে আর্মি স্টেডিয়াম ব্যবহার করে আসছে। গত আড়াই বছরে জাতীয়, গ্রীষ্মকালীন ও জুনিয়র মিলিয়ে সাতটি প্রতিযোগিতা আর্মি স্টেডিয়ামে আয়োজন করেছে তারা। বাংলাদেশের সকল স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের। সংস্থাটি এখনও বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন ট্র্যাক অ্যাথলেটিক্স ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়নি। এতে সমস্যা দেখছেন না জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ বলেন, ‘টার্ফ প্রস্তুত রয়েছে এবং ফেডারেশনও আয়োজনে আগ্রহী। তাই আমরা তাদের আয়োজনের জন্য সম্মতি প্রদান করেছি। জাতীয় প্রতিযোগিতার আগেই আমরা ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব।’ অ্যাথলেটিক্সের পাশাপাশি বঙ্গবন্ধু স্টেডিয়াম ব্যবহার করা হয় ফুটবলেও। এটি বাংলাদেশ ফুটবলের প্রধান ভেন্যু। তবে সংস্কার কাজের জন্য ঘরোয়া লীগ ও জাতীয় ফুটবল দলের ম্যাচ অন্যত্র আয়োজন করছে ফেডারেশন। অ্যাথলেটিক্স টার্ফের সঙ্গে মাঠ ও ড্রেসিংরুমও জাতীয় ক্রীড়া পরিষদের বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে পরিমল সিংহ বলেন, ‘ফুটবল ফেডারেশন মাঠ ব্যবহার করতে চায়। আমরা একটি শর্তমালার মাধ্যমে ফুটবল ফেডারেশনকে মাঠ এবং ড্রেসিংরুম বুঝিয়ে দিতে চাই শীঘ্রই।’ মাঠ ও ড্রেসিংরুম বুঝিয়ে দিলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে লীগের ম্যাচ আয়োজনের উপযোগী হবে না। ম্যাচ কাভারের জন্য সাংবাদিকদের প্রেস বক্স ও দর্শক গ্যালারি এখনও সংস্কারাধীন। এরপরও জাতীয় দলের অনুশীলন, ক্লোজড ডোর ম্যাচের জন্য ফেডারেশন বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ বুঝে নিতে মরিয়া।











































