Home খেলাধুলা শচীনের শহরে ‘শাহরুখ’ হতে পারবেন তো সাকিব!

শচীনের শহরে ‘শাহরুখ’ হতে পারবেন তো সাকিব!

12

স্পোর্টস রিপোর্টার ।।
বাংলাদেশ দলে ইনজুরির হানা। অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে পুনেতে খেলতে পারেননি ভারতের বিপক্ষে। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে রোহিত শর্মার দল। ভারতের ওয়ানডে বিশ^কাপে টানা তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ। অথচ ধর্মশালাতে আফগানদের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করেছিল টাইগাররা। এরপর যেন আকাশ থেকে মাটিতে পতন। ইংল্যান্ডের ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিলেছে বাজে হার। প্রতিটি পরাজয়ের অন্যতম কারণ নড়বড়ে ব্যাটিং। আসরে আর বাকি পাঁচ ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিজেদের পঞ্চম ম্যাচ।

 

তবে এই ম্যাচে হার-জিৎ নিয়ে যতটা না আলোচনা তার চেয়ে বেশি গুঞ্জন সাকিব আল হাসানকে নিয়ে। তিনি কি খেলতে পারবেন! নাকি থাকবেন মাঠের বাইরে বসে! মুম্বইয়ে ক্রিকেট দেবতা মানা হয় ভারতের ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকারকে। সেই শহরে জন্ম না হলেও এখনকার নাম্বার ওয়ান হিরোর নাম শাহরুখ খান। বাংলাদেশ দলের যে অবস্থায় এখন দলের কাউকে না কাউকে নিতে হবে হিরোর ভূমিকা। টাইগার শিবিরে এমন তো আছেন সাকিবই! তবে তিনি নিজেই আছেন শঙ্কায়। যদিও টিম ম্যানেজম্যান্টের আশা তিনি খেলতে পারবেন এই ম্যাচে। টিম ম্যানেজার রাবিদ ইমাম এমনটাই জানিয়েছেন দৈনিক মানবজমিনকে। তিনি বলেন, ‘সাকিব ভালো আছেন। কাল (আজ) অনুশীলন করবেন তিনি। দলের ক্রিকেটাররা আজ জিম করে কাটিয়েছে। বিশ্রাম ছাড়া স্পেশাল কোন কিছু ছিল না। প্রয়োজনে যে যার মতো বাইরে খেতেও গেছে।’
সাকিব হিরো হবে এমনটা আশা করাই যেতে পারে। কারণ সবশেষ ২০১৯ বিশ^কাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ম্যাচে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। ব্যাট হাতে খেলেছিলেন ৮৪ বলে ৭৫ রানের ইনিংস। আর বল হাতে নিয়েছিলেন ১ উইকেট। সেই ম্যাচে তার সঙ্গে ফিফটি হাঁকিয়ে জুটি বেঁধেছিলেন মুশফিকুর রহীম। সেই আসরে বাংলাদেশের ব্যাটিং হিরো হয়ে উঠেছিলেন সাকিব। সেই আসরে সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় ছিল তার নাম। তবে এবার ব্যতিক্রম। এখন পর্যন্ত তিনি ব্যাট হাতে তিনি মলিন। আর ইনজুরি থেকে ফিরে শতভাগ ফিট হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। জানা গেছে এমন ইনজুরিতে দুই সপ্তাহ সময় লাগে। এর মধ্যে ৭ দিন কেটে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে অনুশীলন করেছিলেন। এমনকি ম্যাচের দিন প্যাড পড়েই হাজির হয়েছিলেন টাইগার অধিনায়ক। কিন্তু আসল নাটকীয়তা শুরু হয় যখন তার পরিবর্তে নাজমুল হোসেন শান্ত টস করতে যান। তার এমন আচরণকে নাটক হিসেবে ধরে নিয়েছে সংবাদকর্মীরা। কারণ আগের দিন রাতেই নাকি জানতেন তিনি খেলতে পারবেন না। আর টিম ম্যানেজম্যান্ট ইনজুরি নিয়ে যে লুকোচুরি শুরু করেছে তাতে টাইগার ক্রিকেটপ্রেমীরা স্বস্তি নিয়ে খেলাও দেখতে পারছেন না!
অন্যদিকে পেসার তাসকিন আহমেদকে নিয়েও শোনা গেছে শঙ্কার কথা। জানা গেছে কাঁধের ইনজুরির জন্য তাকে স্ক্যান করাতে নেয়া হয়েছিল। যদিও এই সংবাদ উড়িয়ে দিয়েছেন রাবিদ ইমাম। তিনি বলেন, ‘এমন কোনও কিছু আমাদের পক্ষ থেকে কোথাও বলেনি। তাই এ নিয়ে কোনও কথা বলতে চাই না। এমন কিছু ঘটলে আমরাই জানাতাম।’ তবে বাংলাদেশ দলের ইনজুরি নিয়ে যে নাটক তা চিন্তা করলে তো বাতাসে ভাসা খবরকেও উড়িয়ে দেয়া যায় না। তবে নানা মাধ্যমে জানা গেছে ধর্মশালা স্টেডিয়ামের বাজে আউট ফিল্ড আর মাঠে বোলিং করার পর থেকেই নাকি তাসকিন ইনজুরিতে ভুগছেন। শোনা যাচ্ছে তার কাঁধের ইনজুরিটা ভোগাচ্ছে। যে কারণে ভারতের বিপক্ষে তাকেও রাখা হয়েছিল একাদশের বাইরে। এবার প্রশ্ন হচ্ছে তিনি কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে পারবেন? তবে এমন প্রশ্নের উত্তর বাংলাদেশের দলের অভ্যন্তর থেকে বের করা অনেকটা খনি থেকে হীরা উত্তোলন করার মতোই।