Home খেলাধুলা ফ্রি-কিক গোলের ‘ফিফটি’ রোনালদোর

ফ্রি-কিক গোলের ‘ফিফটি’ রোনালদোর

12

স্পোর্টস ডেস্ক।।

বয়সটাকে শুধু সংখ্যার হিসাবেই আটকে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৮ বছর বয়সেও তরুণদের মতো ধারাবাহিক ছন্দ দেখাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। চলতি মাসেই দুই ম্যাচে ৪ গোল করে পর্তুগালকে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে তোলেন অধিনায়ক রোনালদো। এবার সিআরসেভেনের গোলে জয় পেলো আল নাসর এফসি। শনিবার রাতে দামাকের বিপক্ষে সৌদি প্রো লীগের ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় আল নাসর। এই ম্যাচে অনন্য একটি মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের ৪৫+২তম মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিক আল নাসর। দামাককে লিড এনে দেয়া গোলটি করেন ফরাসি উইঙ্গার জর্জেস-কেভিন এনকওদু। বিরতির পর ৪৮তম মিনিটে রোনালদো গোল করলেও সেটি বাতিল হয় অফসাইডের কারণে। ৫২তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা তালিস্কার ফ্রি-কিক গোলে ম্যাচে সমতা টানে আল নাসর। ৫৬তম মিনিটে জয়সূচক গোলটি ফ্রি-কিকে থেকেই করেন রোনালদো।

 

পর্তুগিজ সুপারস্টারের ক্লাব ক্যারিয়ারের ৫০তম ফ্রি-কিক গোল এটি। সবমিলিয়ে ফ্রি-কিক থেকে ৬১তম গোলের দেখা পেলেন রোনালদো। আর প্রায় ৭ মাস পর ফ্রি-কিক থেকে গোল পেলেন তিনি। সবশেষ গত মার্চে পর্তুগালের জার্সিতে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন রোনালদো।
দলকে জয় উপহার দিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিস্টিয়ানো রোনালদো লিখেন, ‘স্টেডিয়ামের পরিবেশ আজ অবিশ্বাস্য ছিল। জিততে পেরে আনন্দিত এবং প্রতি ম্যাচেই এমন কঠোর পরিশ্রম চালিয়ে যাব। ভক্তদের ধন্যবাদ এমন দারুণভাবে সম্মানিত করার জন্য।’
১০ ম্যাচে ৭ জয়, ২ হার ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগ টেবিলের তিনে রয়েছে আল নাসর এফসি। একাদশ স্থানে থাকা দামাকের পয়েন্ট ১০। দশ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেইমারের আল হিলাল এফসি। আর দুইয়ে থাকা আল তা’উনের পয়েন্ট ২৩।