স্পোর্টস রিপোর্টার।।
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়াসি সিদ্দিকী নামের এক লেগ স্পিনার। তাকে মূলত নেট বোলার হিসেবেই নিয়ে আসা হয়েছে মুম্বইয়ে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই লেগস্পিনারকে বেশ আগেই মনে ধরেছিল জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও। ভারতে এসে অনুশীলনে বাংলাদেশ দলের ব্যাটারদের লেগস্পিন করার আরও আগেই নির্বাচিত করে রাখা হয়েছিল ওয়াসিকে।
চার ম্যাচ পর আসার ব্যাখ্যায় জাতীয় দলের ম্যানেজার রাবীদ ইমাম বলেন, ‘আরো আগেই ওর আসার কথা ছিল। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় ওর আসা পিছিয়ে যায়।’ সামনের পাঁচ ম্যাচে একাধিক লেগস্পিনার এবং চায়নাম্যান বোলারের মুখোমুখি হতে হবে সাকিবদের। এরই প্রস্তুতির জন্য ভারতের চেন্নাইয়ের লেগি ইয়াশ কারাপ্পা অনেক দিন থেকেই বাংলাদেশ দলের সঙ্গী। এবার ওয়াসিও এসে যাওয়ায় লেগস্পিন খেলার প্রস্তুতি জমাট হবে বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট।











































