স্পোর্টস রিপোর্টার।।
মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপের মূল বাছাইয়ে উঠতে পারলে বাংলাদেশ ফুটবল দলকে বড় অঙ্কের বোনাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। সেই ঘোষণা অনুযায়ী গতকাল বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভায় বোনাসের অঙ্কও ঠিক করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভারতে সাফের সেমিফাইনালে খেলার জন্য ৫০ লাখ টাকা বোনাস দেওয়া হয়েছিল।
এবার মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করায় ৬০ লাখ বোনাস পাচ্ছেন জামালরা। তাতে তিন মাসের মধ্যে জামাল ভূঁইয়ারা এক কোটি ১০ লাখ টাকা বোনাস পাচ্ছেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সভা শেষে বলেন, ‘এটা বিশ্ব ফুটবলের সংস্কৃতি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি। আমরা যাদের সঙ্গে খেলবো তারা আরও বেশি পেয়ে থাকে। আমরা টাকা জোগাড় করে বোনাস দেবো।’ বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ মেলবোর্নে ১৬ই নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে।
চার দিনের ব্যবধানে ঢাকায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১শে নভেম্বর লেবাননের বিপক্ষে। বোনাস ঘোষণা করে বাফুফে ভবনে নিজ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ পরই আবার সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন এই তিন ম্যাচে যদি কেউ স্পন্সর পৃষ্ঠপোষকতা করতে চায় তাহলে তাদের আমরা স্বাগত জানাই। কারও যদি কোনও পরিচিত কেউ থাকে বা আগ্রহী থাকে আমাদের জানাতে পারেন।’ এ সময় বোনাস চলমান রাখার প্রত্যয় ছিল সভাপতির কণ্ঠে। তিনি বলেন, ‘ফিলিস্তিন, লেবাননের বিপক্ষে ভালো করলে অবশ্যই আরো বেশি বোনাস হবে।’











































