স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে গতকাল ৮০ রানের লড়াকু ইনিংস খেলেন আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শহীদী। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তিনি স্ট্রাইক রোটেট করতেই হিমশিম খাচ্ছিলেন। তার ব্যাট থেকে সেদিন আসে ৩৮ বলে ১৮ রান। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচে শহীদী যখন ক্রিজে যান তখন ৬৩/২ সংগ্রহ নিয়ে চাপে আফগানিস্তান। অবশ্য বিশ্বকাপে আসার আগে এশিয়া কাপে টানা ২ ম্যাচে ফিফটি করেন শহীদী।
এত সুন্দর ইনিংসের শেষটাও ছিল নাটকীয়। ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন শহীদী। কিন্তু বলের লাইন মিস করেন, তবে রাহুল স্টাম্পিং করতে না পারায় বেঁচে যান। যদিও নতুন জীবন বেশিক্ষণ স্থায়ী হয়নি তার। পরের বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি। া যদিও রিভিউ নিয়েছিলেন শহীদী, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
ফেরার আগে তার ৮৮ বলে ৮০ রানের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা।
গতকাল ভারতের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হাশমত উল্লাহ শহীদী ও আজমতুল্লাহ ওমরজাইয়ের জুটিতে ঝলক দেখায় আফগানিস্তান। চতুর্থ উইকেটে ১২১ রানের জুটি গড়েন তারা।











































