Home খেলাধুলা মালদ্বীপ ম্যাচ নিয়ে সতর্ক কাবরেরার চোখ জয়ে

মালদ্বীপ ম্যাচ নিয়ে সতর্ক কাবরেরার চোখ জয়ে

59

স্পোর্টস রিপোর্টার।।
গত জুনে বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। যে জয়টি ১৪ বছর পর সাফের সেমিফাইনালে খেলার পথ দেখিয়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যদের। সেই মালদ্বীপের বিপক্ষেই আজ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। মালের আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে এই ম্যাচ। দুই দলের অপর ম্যাচটি ১৭ই অক্টোবর, বসুন্ধরা কিংস অ্যারেনায়। দুই ম্যাচ মিলে বিজয়ী দল উঠবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড অর্থাৎ গ্রুপপর্বে। সেখানে দলটি আগামী বছর অন্তত ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে।
বেঙ্গালুরুর সাফে মালদ্বীপকে হারানোর সঙ্গে সঙ্গে লেবানন ও কুয়েতের বিপক্ষে দুটি ম্যাচে দারুণ লড়াই খেলোয়াড়দের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলার প্রবণতা ছিল। দেশ ছাড়ার আগে কাবরেরা সে ব্যাপারে বলেছেন। নিজের সন্তুষ্টিও জানিয়েছেন সেটি নিয়ে।

 

বাংলাদেশ ফুটবল দল যে এখন শক্তিমত্তায় এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষেও সমানতালে লড়তে পারে, কাবরেরার আত্মতুষ্টির জায়গাটা সেটিই। হাংজু এশিয়াডে তিনটি ম্যাচেই অনূর্ধ্ব-২৩ দল লড়াই করেছে। গেমসে চীনের সঙ্গে গোলশূন্য ড্রয়ে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের মধ্যে মালদ্বীপ নিয়ে কিছুটা গা ছাড়া ভাব আসতে পারে। কাবরেরা গতকাল মালেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাই খেলোয়াড়দের সাবধানই করে দিয়েছেন। মালদ্বীপের বিপক্ষে মালেতে বাংলাদেশের কোনো জয় নেই। মালদ্বীপের বিপক্ষে যদিও ৮-০ গোলের এক বিশাল জয় আছে। কিন্তু সেটি তো ৩৮ বছর আগের কথা। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসে সেই জয়টি আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এখন পর্যন্ত। ১৯৮৪ সালেও মালদ্বীপের বিপক্ষে আছে ৫-০ গোলের বড় জয়। কিন্তু এরপর তো ভারত মহাসাগরের জল অনেক গড়িয়েছে। মালদ্বীপ ফুটবল উঠে গেছে অনেক ওপরে। এরপর মালদ্বীপ ক্রমে বাংলাদেশের জন্য হয়ে উঠেছে প্রবল প্রতিপক্ষ। ১৯৯৯ সাফ গেমসে মালদ্বীপের কাছে প্রথম হার, এর আগে-পরে আছে ড্রয়ের ইতিহাস। ২০০৩ সালে ঢাকার সাফ ফুটবলে গ্রুপ পর্বে ১-০ গোলে জয়ের পর ১৮ বছর এই দলটার সঙ্গে জিততেই পারেনি বাংলাদেশ। যদিও সেই সাফেরই ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে একমাত্র শিরোপাটি জিতেছিল বাংলাদেশ। টাইব্রেকারের জয় তো ‘অমীমাংসিত ম্যাচ’ হিসেবে ধরা হয়। ২০২১ সালে শ্রীলঙ্কার চার জাতি ফুটবলে মালদ্বীপকে হারিয়ে ১৮ বছরের খরা কাটিয়েছিল বাংলাদেশ। কিন্তু তার কিছুদিন আগেই মালেতে সাফের লড়াইয়ে দেখেছিল আরও একটি হার। মালেতে কাবরেরার অধীনেও ২০২২ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হেরেছে জামালরা। তাই আজকের ম্যাচ জামাল-রাকিব-তারিক কাজীদের জন্য কঠিনই। মালের সংবাদ সম্মেলনে অবশ্য গতকাল ‘ইতিবাচক ফলে’র কথা জানিয়ে কাবরেরা বলেন, ‘আমাদের খেলোয়াড়েরা জানে, এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। মালদ্বীপকে হারাতে পারলে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে শক্তিশালী দলের সঙ্গে খেলার সুযোগ পাব। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে শক্তিশালী দলের চ্যালেঞ্জটা গুরুত্বপূর্ণ। হেরে গেলে আগামী বছরের সেপ্টেম্বরের এশিয়ান কাপ বাছাইয়ের আগে আমাদের কোনো ম্যাচ নেই।’ মালদ্বীপের বিপক্ষে ইতিবাচক ফল বলতে জয়ই বোঝাচ্ছেন কাবরেরা। কাজটা কঠিন। তবে কাবরেরা আশাবাদী, ‘আমরা কালকের ম্যাচের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা সবাই রোমাঞ্চিত। আমাদের সব খেলোয়াড় অনুপ্রাণিত। আমরা চ্যালেঞ্জটা নিতে পুরোপুরি প্রস্তুত।’ মদকাণ্ডে গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মণ ও ফরোয়ার্ড শেখ মোহাম্মদ মোরসালিনের মতো ফুটবলার দলে নেই। এটি বড় ধাক্কা হলেও সামলানোর চেষ্টা করছেন জানিয়ে কাবরেরা বলেন, ‘আফগানিস্তান ও এশিয়ান গেমসে খেলা অনেকে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। বাছাইপর্বে খেলতে তারা প্রস্তুত। এই দল নিয়েই লক্ষ্য অর্জন করতে হবে।’ বাংলাদেশ প্লে-অফ উতরাতে পারলে বাছাই পর্বে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে লড়বে।