স্পোর্টস রিপোর্টার।।
চলতি বিশ্বকাপে আফগানিস্তানের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। মাত্র ৪৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের বিপক্ষে ১৫৬ রানে গুটিয়ে যায় তারা। ৬ উইকেটে হার দিয়ে শুরু করা আফগানরা অবশ্য দ্বিতীয় ম্যাচেই নিজেদের অদম্য মনোভাব দেখিয়েছে। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হাশমত উল্লাহ শহীদী ও আজমতুল্লাহ ওমরজাইয়ের জুটিতে ঝলক দেখায় আফগানিস্তান। চতুর্থ উইকেটে ১২১ রানের জুটি গড়েন তারা।
গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৭২ রানের লড়াকু সংগ্রহ পায় আফগানিস্তান। দলের পক্ষে এদিন সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন অধিনায়ক হাশমত উল্লাহ শহীদী। ৬৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন শহীদী ও ওমরজাই। ভারতীয় বোলারদের উপর দাপট দেখিয়ে দুজনে রানের গতি বাড়িয়ে নেন। বিশেষ করে শহীদী ছিলেন অনবদ্য।
প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্ট্রাইক রোটেট করতেই হিমশিম খাচ্ছিলেন আফগান অধিনায়ক। তার ব্যাট থেকে সেদিন আসে ৩৮ বলে ১৮ রান। গতকাল ভারতের বিপক্ষে ছিলেন দারুণ ছন্দে। অবশ্য বিশ্বকাপে আসার আগে এশিয়া কাপে টানা ২ ম্যাচে ফিফটি করেন শহীদী। ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন শহীদী। কিন্তু বলের লাইন মিস করেন, তবে রাহুল স্টাম্পিং করতে না পারায় বেঁচে যান। যদিও নতুন জীবন বেশিক্ষণ স্থায়ী হয়নি তার। পরের বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি। ফেরার আগে তার ৮৮ বলে ৮০ রানের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা।
এর আগে দলীয় ১৮৪ রানে ওমরজাই আউট হলে ভাঙে তাদের জুটি। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ২০ বলে ২২ রানের ক্যামিও খেলেছিলেন তিনি। আর গতকাল খেললেন দায়িত্বশীল এক ইনিংস। যেখানে শহীদীকে সঙ্গ দিয়েছেন তেমনি নিজেও রানের গতি বাড়িয়েছেন। হার্দিক পান্ডিয়ার বলে আউট হওয়ার আগে ৬৯ বলে ৬২ রান করেন ওমরজাই।











































