Home খেলাধুলা লিটনের রানে ফেরাটা তৃপ্তির, তবে…

লিটনের রানে ফেরাটা তৃপ্তির, তবে…

64

স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ডের সঙ্গে আমাদের মূল পার্থক্য ছিল বোলিংয়ে। টস জিতে ফিল্ডিং নেয়ার পর বোলিংয়ে ডিসিপ্লিনের ঘাটতি ছিল। প্রথম ১০ ওভারে রানরেট ছিল ৬, কোনো উইকেটও হারায়নি ইংল্যান্ড। পরের ১০ ওভারে রান রেট ৬ এরও বেশি ছিল। শুরুতে উইকেট নিতে না পারায় ব্যবধান গড়ে দিয়েছে। অন্যান্য দল শুরুতে উইকেট নিচ্ছে কিন্তু আমরা টানা দুই ম্যাচে পারিনি। ওদের মাত্র ৩ ব্যাটারই আমাদের ড্যামেজ করে দিয়েছে। তবে সবে দুইটা ম্যাচ হয়েছে। আর অন্য দলগুলোর দিকে খেয়াল করলে দেখবেন যেমন পাকিস্তান কিন্তু একইদিনে শুরুতে উইকেট নিয়েছিল। তারপর শ্রীলঙ্কা এত বড় সংগ্রহ পেলো।

আবার শ্রীলঙ্কাও কিন্তু শুরুতে উইকেট নিয়েছিল কিন্তু পাকিস্তান ঠিকই ম্যাচ বের করে নিয়েছে। আমাদের পেসাররা বিশ্বকাপে আগে যে রিদমে ছিল সেটা বিশ্বকাপে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এখনও ৭ ম্যাচ বাকি, আশা করি যেদিন শুরুতে উইকেট নিতে পারবো, প্রতিপক্ষ বড় রান করতে পারবে না। টস জিতে ফিল্ডিং নেওয়াটা একদমই সঠিক সিদ্ধান্ত ছিল। জস বাটলারও টস জিতলে ফিল্ডিংই নিতো। কারণ, আমরা উইকেট সম্পর্কে ধারণা আগেই পেয়ে গেছি। এ কারণে স্পিনারও বাড়ানো হয়েছে। ম্যাচ শেষে চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন বোলাররা পরিকল্পনা কাজে লাগাতে পারেনি, ওনার সঙ্গে আমি পুরোপুরি একমত। তবে ইংল্যান্ড খুব ভালোভাবেই আমাদের রিড করেছে। ওরা স্পিনার মঈন আলীকে ড্রপ করে পেসার রিস টপলিকে খেলিয়েছে এবং এতে সফলও হয়েছে। আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটা ট্রাম্পকার্ডের মতো কাজ করেছে। কারণ আমাদের শুরুতে ৩ জন বাঁহাতি ব্যাটার ছিল, যদি অফ স্পিনারকে খেলাতো আমরা ভালোভাবে সামলাতে পারতাম। এ কারণেই ওরা মঈনকে বসিয়ে পেসার খেলিয়েছে।
আমার কাছে মনে হয় প্রথমে ব্রেক থ্রু দিতে না পারা ও এরপর ২৮ থেকে ৩৮ ওভারের মধ্যে যেভাবে রান দিয়েছে বোলাররা সেখানেই ম্যাচটি বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেছে। ২৮ থেকে ৩৮ ওভারের মধ্যে আমরা ১১৫-১১৬ (আসলে ১০২) রান খরচ করেছি। ম্যাচটি এখানেই ইংল্যান্ডের হাতে চলে গেছে। আবার ৩৯ থেকে ৫০ ওভারের মধ্যে আমরা দারুণ কামব্যাক করেছি। শেষ ১১ ওভারের স্পেলটা যদি প্রথমে করতে পারতো বোলাররা তাহলে ম্যাচের চেহারা অন্যরকম হতে পারতো।
লিটনের রানে ফেরাটা দারুণ তৃপ্তির। তবে একই সঙ্গে দেখতে হবে ইনিংসটা কিন্তু বড় করতে পারেনি। ধরলাম, ম্যাচটা আমরা হারতাম কিন্তু সেই হারের ব্যবধানটা যদি ৫০ বা ৬০ রান হতো রানরেটও ভদ্রস্থ থাকতো। লিটন বলেন মুশফিক বলেন যে কেউই বড় ইনিংস খেললে রানটা ৩১০ বা ৩২০ হয়ে যেতো। এটার অভাব ছিল। সবাই আসলে জেতার জন্য খেলেছে কিনা আমার বোধগম্য নয়। উইকেটে থেকে লড়াই করতে পারলে এত সমালোচনা হয়তো হতো না। ইনিংস বড় করার অভ্যাস, একদম ট্রু ব্যাটিং উইকেট ছিল। হ্যাঁ শুরুতে উইকেট হারিয়েছি কিন্তু যারা সেট হয়েছে তাদের ইনিংস টেনে নিয়ে যাওয়া উচিত ছিল। আর মেহেদী হাসান মিরাজ তো প্রতিদিনই উপরে ব্যাটিংয়ে নামছে। গত দুই ম্যাচ, প্রস্তুতি ম্যাচেও তাকে উপরে খেলিয়েছে দল। সে ইতিমধ্যে দেখিয়েছে কী করতে পারে, তার আর কিছু প্রমাণ করার নেই। এদিন পাঁচে না নামলে মিরাজকে হয়তো আটে নামতে হতো। তাকে উপরের দিকে নামানোর সিদ্ধান্তটা ঠিক ছিল। রান পায়নি এজন্য হয়তো কথা হচ্ছে। এক্ষেত্রে তামিমকে ড্রপ দিয়ে মিরাজকে ওপেন করানো যেতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় মাহমুদউল্লাহ রিয়াদকে একাদশে ফেরানো হতে পারে। চেন্নাইয়ের উইকেট (বাংলাদেশের পরবর্তী ম্যাচের ভেন্যু) কিন্তু স্পিন সহায়ক হবে। মিরাজ আসলে সবখানেই রান করেছে। তাসকিন ৬ ওভার করেছে, অধিনায়কের হাতে অপশন ছিল বলে এটা হয়েছে। যদিও আমি ভেবেছিলাম হয়তো ইনজুরি আছে। এক্ষেত্রে অধিনায়ক হিসেবে সাকিবের মনে হয়েছে তাসকিনকে এখন না করানো ভালো তাই করায়নি। এমনও হতে পারতো তাসকিনকে তখন করালে রান আরও বেশি হতো।