Home খেলাধুলা মাংস খাওয়ার কারণে উন্নতি হয়েছে ভারতীয় বোলারদের, বললেন আফ্রিদি

মাংস খাওয়ার কারণে উন্নতি হয়েছে ভারতীয় বোলারদের, বললেন আফ্রিদি

13

স্পোর্টস ডেস্ক।।

অনেক আগে থেকেই বিখ্যাত সব ব্যাটার জন্ম দিয়ে আসছে ভারত। তবে একসঙ্গে অনেক দাপুটে বোলার কোনো সময়ই ছিল না দেশটির। বর্তমানে ব্যাটারদের পাশাপাশি বোলিং বিভাগেও সমান পারদর্শী ভারত। এর পেছনে ‘অদ্ভূত’ এক কারণ বের করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এমন উন্নতির কারণ হিসেবে তিনি টেনে এনেছেন ভারতীয় বোলারদের মাংস খাওয়ার প্রসঙ্গ।

আফ্রিদি বলেছেন, ‘ভারত ১৪০ কোটি জনসংখ্যার একটি বিশাল দেশ। (গত কয়েক বছরে) তাদের ক্রিকেট খেলার মান পরিবর্তন হয়েছে। আগে আমরা বলতাম তারা (ভারত) দুর্দান্ত সব ব্যাটার তৈরি করে এবং পাকিস্তান দারুণ সব বোলার তৈরি করে। …তবে তাদের বোলাররা এখন মাংস খাওয়া শুরু করেছে, তাই তারা শক্তিশালী হয়েছে।’ প্রতিবেদন পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির।

 

২০১১ সালে বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া আফ্রিদি ভারতের ক্রিকেটের মান উন্নত হওয়ার জন্য কৃতিত্ব দিয়েছেন ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এবং সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনির মতো সাবেক অধিনায়কদেরও।

 

রাহুল দ্রাবিড়ের কৃতিত্ব দিয়ে আফ্রিদি বলেন, ‘তারা (ভারত) রাহুল দ্রাবিড়ের মতো একজন খেলোয়াড়কে পুরো ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব দিয়ে তৃণমূল পর্যায়ের ক্রিকেটের উন্নতি করেছে। তিনি (দ্রাবিড়) জানেন শীর্ষ পর্যায়ে পৌঁছানোর জন্য তরুণদের কী প্রয়োজন। তারা কঠোর পরিশ্রম করেছে এবং এখন প্রতিভা তৈরি করে চলেছে। ভারত চাইলে এখন দুটি দল তৈরি করতে পারে।’

 

অনেক বছর ধরেই, ভালো মানের ফাস্ট বোলার তৈরি করতে পারেনি ভারত। কিন্তু বিষয়গুলো পরিবর্তন হয়েছে। গত কয়েক বছরে তারা জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের মতো পেসার তৈরি করেছে।

 

আফ্রিদি বলেন, ‘তারা (ভারত) সঠিক জায়গায় বিনিয়োগ করেছে এবং এখন ভারতের লোকেরা তাদের (বোলিং) দিকে মনোযোগ দিচ্ছে। তারা ক্যাম্প তৈরি করেছে এবং প্রতিভা আসছে।’