স্পোর্টম ডেস্ক।।
আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের তালিকায় শীর্ষে থেকে টানা ৪ বিশ্বকাপ খেলছেন সাকিব আল হাসান। গত বিশ্বকাপে অবিস্মরণীয় পারফরম্যান্সের পর এবার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে। সাকিব আল হাসান যে বিশ্বসেরা আবারও সেটা মনে করিয়ে দিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানও।
ইংল্যান্ডের সাবেক এই বাঁহাতি ব্যাটার চলতি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। ধর্মশালাতে বর্তমানে অবস্থান করছেন তিনি। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। এ সময় সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি।
মরগ্যান বলেন, ‘(সাকিব) সে অবিশ্বাস্য ক্রিকেটার, যখন পারফরম্যান্সের ব্যাপার আসে। পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার সে। এটা (সাকিব) ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমেই প্রমাণ করেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ, এমন ক্রিকেটার খুব বেশি নেই বর্তমানে। দীর্ঘস্থায়ীত্ব ও পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তালিকায় এনেছে।’
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে মরগ্যান বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে জেতায় একটা ইতিবাচক দিক হচ্ছে- শান্ত, মিরাজের মতো তরুণরা এগিয়ে এসেছে। নিজেরা অনেক চাপ নিতে শিখেছে তারা। এটা সাকিবের পারফরম্যান্স ও অধিনায়কত্বে সাহায্য করবে।’
বর্নাঢ্য ক্যারিয়ার শেষে গত বছরেই অবসর নিয়েছেন মরগ্যান। সাকিবের বিপক্ষে অনেকবারই মুখোমুখি হয়েছেন তিনি। ২০১৫ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বাংলাদেশের বিপক্ষে হেরেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। সে দলের সদস্য ছিলেন মরগ্যানও।











































