স্টাফ রিপোর্টার।।
নগরীর আফিলগেট ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে খানজাহান আলী থানা পুলিশের একটি বিশেষ টিম। ৬ অক্টোবর রাত্র সাড়ে ১২টার দিকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন খানজাহান আলী থানাধিন শিরোমণি মধ্যপাড়ার মিলন মোল্লার ছেলে নাসিবুর মোল্লা (২১), মশিয়ালী মধ্যপাড়ার খলিল লস্করের ছেলে ইমামুল লস্কর (২০), মো. আনোয়ার গাজীর ছেলে মো. জাকারিয়া গাজী (২০) ও আফিলগেট বটতলা মোড়ের কামাল শেখের ছেলে জুবায়ের শেখ (১৯)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ৩০ সেপ্টেম্বর বিক্রয় ডট কমের মাধ্যমে প্রতারণা করে খুলনা সদর থানার মিস্ত্রী পাড়ার বিজয় নামে একজন শিক্ষার্থীকে খানজাহান আলী থানাধীন মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় রোডস্থ ফিরোজের ভাটার সামনে পাঁকা রাস্তার উপরে কৌশলে ডেকে এনে অজ্ঞাতনামা ৪জন ছিনতাইকারী বিজয়ের নিকট থাকা তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৮,৫০০/- টাকা কেড়ে নেয়। এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর রাত্র সাড়ে ১২টার দিকে আফিলগেট ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে খানজাহান আলী থানা পুলিশের একটি বিশেষ টিম। এসময় একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকাসহ ওই ৪জনকে গ্রেপ্তার করা হয়।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৮
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩৮০ পিস ইয়াবা, ৪০ লিটার মদ ও ২০০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর রূপসা বেড়ীবাধ এলাকার মো. গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে মো. চয়ন ব্যাপারী (২০), পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের মৃত. হাকিম শেখের ছেলে আনোয়ার শেখ (৬২), হোগলাডাঙ্গার মৃত. সুলতান আহমেদ এর ছেলে শহিদুল ইসলাম খোকন (৩২), খালিশপুর পিপলস্ স্বর্ণপট্টির মৃত. বাহার উদ্দিনের ছেলে মো. সাগর হোসেন ওরফে জয় (২৫), মহেশ্বরপাশা বনিকপাড়া মিন্টুর মোড়ের ফারুক হোসেনের ছেলে মো. শামীম হাসান (৩০), খালিশপুর হাউজিং এর মো. ইসহাক কাজীর ছেলে মো. জয় কাজী ওরফে জুবায়ের (২৩), খালিশপুর তারকাটা পুকুর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. জহুরুল ইসলাম (২২) ও রায়েরমহল এলাকার মৃত. শওকত শেখের ছেলে মো. ইমরান হোসেন (৩২)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৩৮০ পিস ইয়াবা, ৪০ লিটার মদ ও ২০০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা দায়ের করা হয়েছে।











































