স্টাফ রিপোর্টার।।
নগরীর গোবরচাকা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইমন শেখ (২২) নামের এক রং মিস্ত্রী নিহত হওয়ার হত্যা মামলায় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

আসামিরা হলেন নগরীর ৪৩, শেখপাড়া লোহাপট্টির মৃত. সিরাজুল ইসলামের ছেলে নাজমুস সাকিব জাকারিয়া (২৮), শেখপাড়া লোহাপট্রি বাদশা হাওলাদারের বাড়ীর পাশের বাসিন্দা শাহাজাহানের ছেলে রিয়াজ (৩২), স্টার সিনেমা হলের গলির আব্দুল হাই পাটোয়ারীর ছেলে বুলু পাটোয়ারী (৩৫), রেলওয়ে কলোনী প্রভাতী স্কুলের পাশের বাসিন্দা মো. সবুজ হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (২০) ও টাইগার গার্ডেনের পিছনে হকের গলির মো. রফিকুল ইসলামের ছেলে আপন খাঁ (২২)।

শুক্রবার দুপুর ১২ টায় সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে এসে ২০-২১ জন আসামি নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা গাবতলা মোড় ভাজাওয়ালার গলির তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি করে। এ সময় ইমন শেখের বুকের বাম পাজরের নিচে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা ইমনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে ইমনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইমনের পিতা মো. সানোয়ার হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এসময় তাদের একজনের কাছ থেকে একটি কালো রঙের ওয়ান শুটার গান ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. আবু নাসের আল-আমিন, সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।











































