Home খেলাধুলা ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

14

স্পোর্টস রিপোর্টার।।
সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচের পর বাংলাদেশে ফেরেন মুশফিকুর রহীম। কথা ছিল ভারত ম্যাচের আগে কলম্বোয় ফিরবেন তিনি। তবে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটি খেলা হচ্ছে না মুশফিকের। অসুস্থ স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়ে মঞ্জুরি পেয়েছেন টাইগার ক্রিকেটার।

গত ১০ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা থেকে দেশে ফেরেন মুশফিকুর রহীম। ইতোমধ্যে দ্বিতীয় সন্তান লাভের সুখবর জানিয়েছেন টাইগার ক্রিকেটার। আগামী ১৫ই সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে আজ সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে বিকালে দেশ ছাড়ার কথা ছিল মুশফিকের। তবে নতুন বিবৃতিতে বিসিবি জানায়, ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি খেলবেন না মুশফিক। বোর্ড তাকে নবজাতক সন্তান ও পরিবারের সঙ্গে থাকার জন্য ছুটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনো সুস্থ হয়নি। এই সময়ে মুশফিককে স্ত্রীর পাশে এবং তাদের সন্তাদের সঙ্গে থাকতে হবে।

আমরা তার পরিস্থিতি বুঝতে পেরেছি এবং তাকে (ভারত) ম্যাচটি না খেলার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ টানা দুই হারে এশিয়া কাপ সুপার ফোরের যাত্রা শুরু করে বাংলাদেশ। তবুও মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে ভারত হারলে টাইগারদের ফাইনালে পৌঁছার সম্ভাবনা জিইয়ে থাকতো কাগজে কলমে। তবে লঙ্কানদের হারিয়ে ভারত ফাইনালে পৌঁছায় সেই সম্ভাবনা শেষ হয়েছে। বলা যায়, সুপার ফোরের তৃতীয় ম্যাচে নিয়ম রক্ষা করতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আনুষ্ঠানিকতা রক্ষার সেই ম্যাচের গুরুত্বপূর্ণতার বিবেচনায়ই হয়তো মুশফিককে ছুটি দিয়েছে বিসিবি।
মুশফিকের সঙ্গে দেশে ফিরেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। ব্যক্তিগত কাজ সেরে গতকালই তিনি কলম্বোর উদ্দেশে রওয়ানা হন। সাকিবের নেতৃত্বেই ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ।