Home খেলাধুলা আইএফএ শিল্ডে আমন্ত্রণ মোহামেডান ও বসুন্ধরা কিংসকে

আইএফএ শিল্ডে আমন্ত্রণ মোহামেডান ও বসুন্ধরা কিংসকে

20

স্পোর্টস রিপোর্টার

ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ড (ইন্ডিয়া ফুটবল এসোসিয়েশন)। আগামী বছর অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসকে। ঘরোয়া ফুটবল আসরে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডান এবং চারবারের লীগ চ্যাম্পিয়ন কিংস। রোববার আইএফএ’র সম্পাদক অনির্বাণ দত্ত দুই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে মৌখিকভাবে আমন্ত্রণ জানান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘অনির্বাণ দত্ত নিজে দেখা করে আমাদেরকে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। আমরাও আইএফএ শিল্ডে খেলার আগ্রহ প্রকাশ করেছি। এরপর চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালে আমরা খেলার সিদ্ধান্ত নেবো।’ জানা গেছে, আগামী আইএফএ শিল্ড আসরে তিনটি বিদেশি দলসহ মোট ৬টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। ভারতের ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং কলকাতা মোহামেডান এই টুর্নামেন্টে অংশ নেয়ার কথা রয়েছে। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্ট। আইএফএ শিল্ড কাপের এবারের আসরে পৃষ্ঠপোষকতা করতে পারে বসুন্ধরা গ্রুপ।

গত জানুয়ারিতে দুই বাংলা মিলে টুর্নামেন্ট করার উদ্যোগ নিয়েছিল আইএফএ। সে সময় বসুন্ধরা কিংসের কাছে চিঠি পাঠিয়ে টুর্নামেন্টের শুরুটা কিংস অ্যারেনায় আর ফাইনালটি কলকাতায় হওয়ার প্রস্তাব দিয়েছিলেন অনির্বাণ দত্ত। এবার টুর্নামেন্টটি কীভাবে হবে, সেটা হয়তো কিছুদিনের মধ্যে জানা যাবে।