Home খেলাধুলা স্ত্রী, সন্তান, দাদিরা ঘোষণা করলেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

স্ত্রী, সন্তান, দাদিরা ঘোষণা করলেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

21

স্পোর্টস ডেস্ক

সোমবার বাংলাদেশ সময় ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রিলস (শর্ট ভিডিও) পোস্ট করা হয় নিউজিল্যান্ড ক্রিকেটের পেজ থেকে। ‘ব্ল্যাকক্যাপস’ নামে পেজের ভিডিওতে দেখা যায়, বাচ্চা, নারী থেকে বয়োবৃদ্ধরা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের নাম ঘোষণা করছেন। প্রথমে বুঝতে না পারলেও কিছুক্ষণ পরেই জানা যায় এটি নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল। আর যারা ঘোষণা করলেন তারা দলে থাকা ক্রিকেটারদের ছেলে, স্ত্রী, কেউবা আবার দাদি।
ভিডিওর শুরুতেই দেখা যায় মায়ের কোলে বসে একটি ছোট্ট শিশু বলছে, ‘১৬১, আমার বাবা কেইন উইলিয়ামসন।’ দ্রুতই বোঝা গেল, মহিলাটি হ উইলিয়ামসনের স্ত্রী সারাহ রাহিম আর শিশুটি তার ৪ বছর বয়সী মেয়ে ম্যাগি। আর ১৬১ হলো নিউজিল্যান্ডের হয়ে উইলিয়ামনের অভিষেক নম্বর।
একই সঙ্গে বিশ্বকাপ উইলিয়ামসনের খেলা নিয়ে যেটুকু শঙ্কা ছিল সেটিও কেটে গেলো। চোট কাটিয়ে সেরে ওঠা উইলিয়ামসনের অধিনায়কত্বেই ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড। তবে প্রথম ম্যাচে ইংল্যান্ডে বিপক্ষে তার খেলা নিশ্চিত নয়। উইলিয়ামসনকে না খেললে অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার টম ল্যাথাম। ২০১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করা ১০ জনের মধ্যে এবার অধিনায়কত্ব করবেন শুধু উইলিয়ামসন। বাকিদের কেউ হয়তো অবসর নিয়েছেন বা কেউ অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।

এবারের বিশ্বকাপে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জিমি নিশামকে দলে রেখেছে নিউজিল্যান্ড। ভিডিওতে নিশামের নাম ঘোষণা করেন তার ৯৪ বছর বয়সী দাদি। ‘ওডিআই ব্ল্যাকক্যাপ নম্বর ১৭৭। সে আমার নাতি জেমস নিশাম’ এভাবে নিজের নাতির নাম জানান তিনি। নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিলের। এছাড়া ফিন অ্যালেন, দুই পেসার অ্যাডাম মিলনে ও কাইল জেমিসনও জায়গা পাননি ১৫ সদ্যসের দলে।
ভারতের উইকেট বিবেচনায় স্কোয়াডে ৩ স্পিনার রেখেছে নিউজিল্যান্ড। দুই অভিজ্ঞ মিচেল স্যান্টনার, ইশ সোধির সঙ্গে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। পেস আক্রমণে ট্রেন্ট বোল্ট, টিম সাউদির সঙ্গে আছেন লকি ফার্গুসন ও ম্যাট হেনরি।
এ নিয়ে টানা ৪ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন উইলিয়ামসন ও সাউদি। এর মধ্যে ২বার ফাইনালও খেলেছেন তারা। যদিও দুইবারই রানার্সআপ হয়েই সন্তষ্ট থাকতে হয় তাদের। টিম সাউদি ও উইলিয়ামসনের এটি চতুর্থ বিশ্বকাপ হতে যাচ্ছে। এর আগে ২০১১, ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপেও খেলেছেন উইলিয়ামসন। যার মধ্যে শেষের দুবার ফাইনালে গিয়ে হারতে হয়েছে নিউজল্যান্ডকে।
নিউজিল্যান্ড দল
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, ম্যাট হেনরি।