খেলা ডেস্ক।।
টেস্টোস্টেরনের পরীক্ষায় ইতিবাচক ফল আসার পর সাময়িক বরখাস্ত করা হলো ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবাকে। ২০শে আগস্ট উডিনেসের বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলে জয়ের পর পগবাকে পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। যদিও ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার সেদিনের ম্যাচে খেলেননি, বিকল্প বেঞ্চে বসেছিলেন। কিন্তু তবুও তিনি পরীক্ষার জন্য নির্বাচিত হন। সেই পরীক্ষায় পগবার দেহে টেস্টোস্টেরনের উচ্চমাত্রা দেখা গেছে। টেস্টোস্টেরন হলো এক প্রকার হরমোন, এটি খেলোয়াড়দের মাঠে বেশিক্ষণ টিকে থাকতে সহায়তা করে। নির্দিষ্ট ফলাফল নির্ধারণ করার জন্য পগবাকে দ্বিতীয় একটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যদি এটিতেও ইতিবাচক ফল আসে তবে পগবার জাতীয় ডোপিং বিরোধী ট্রাইব্যুনালের দ্বারা বিচার করা হবে এবং তিনি খেলা হতে দুই থেকে চার বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন।
ডোপিং বিরোধী সংস্থা নাদো ইতালিয়া জানিয়েছে যে, পগবাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ‘মিরর’ এ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে পগবার প্রতিনিধি এবং ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সাথে যোগাযোগ করেছে। জুভেন্টাস এক বিবৃতিতে বলেছে: “পল ল্যাবিলে পগবা ২০ আগস্ট ২০২৩ এ করা পরীক্ষায় ইতিবাচক ফলাফলের পরে জাতীয় ডোপিং বিরোধী ট্রাইব্যুনাল থেকে একটি সতর্কতামূলক সাসপেনশন আদেশ পেয়েছেন।”
ইউনাইটেডের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পগবা ২০২২ সালের জুলাই মাসে ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসে পুনরায় যোগদান করেন।
তবে চোটের কারণে তার খেলার সময় উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ ছিল।এর আগে হাঁটুর ইনজুরির কারণে গত বছর ফ্রান্সের বিশ্বকাপ টিম থেকে তাকে বাদ দেয়া হয়েছিল। পগবা ৩ সেপ্টেম্বর এমপোলির বিপক্ষে ২-০ গোলে জয়ের পর পিঠে সমস্যা নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
সেন্ট্রাল মিডফিল্ডার ফ্রান্সের হয়ে ৯১টি ক্যাপ জিতেছেন, ২০১৮ বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন, কিন্তু ২০২২ সাল থেকে তিনি জাতীয় দলের হয়ে খেলেননি। তিনি ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ইউনাইটেডের হয়ে ২৩৩টি খেলায় ৩৯টি গোল করেছেন এবং ৫১টি গোল করতে সহায়তা করেছেন।
পগবার দল জুভেন্টাস তাদের প্রথম তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে বর্তমানে সিরি এ-তে তৃতীয় স্থানে রয়েছে।
সূত্র : মিরর











































