Home খেলাধুলা দেশে অনুশীলন সেরে শ্রীলঙ্কায় যাবেন মুশফিক

দেশে অনুশীলন সেরে শ্রীলঙ্কায় যাবেন মুশফিক

20

স্পোর্টস রিপোর্টার।।

সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচের পর বাংলাদেশে ফেরেন মুশফিকুর রহীম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই টাইগার উইকেটরক্ষকের এই ঝটিকা সফর। ভারতের বিপক্ষে ম্যাচের আগে কলম্বোয় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন মুশফিক। তার আগে দেশেই সারবেন শেষ মুহূর্তের প্রস্তুতি।

গত ১০ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা থেকে দেশে ফেরেন মুশফিকুর রহীম। ইতোমধ্যে দ্বিতীয় সন্তান লাভের সুখবর জানিয়েছেন টাইগার ক্রিকেটার। আগামী ১৫ই সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। সেই ম্যাচের আগের দিন বিকালে দেশ ছাড়বেন মুশফিক। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দেশ ছাড়ার আগে সকালে মিরপুরে অনুশীলন করবেন মুশফিক। কলম্বোয় গণমাধ্যমের কাছে জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আগামী ১৪ তারিখ সকালে ওইখানে (ঢাকায়) অনুশীলন করবে, এরপর এখানে (কলম্বোয়) ম্যাচ খেলার জন্য চলে আসবে।’

মুশফিকের সঙ্গে ব্যক্তিগত কাজে ঢাকা ফিরেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। বিসিবির অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগামীকালই কলম্বোর উদ্দেশে দেশ ছাড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তিনি বলেন, ‘অধিনায়ক আসছে, দুই-তিন দিনের জন্য (দেশে) গিয়েছে সে। এটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলছে না। আমার মনে হয় অধিনায়ক এসেই আমাদের সঙ্গে আবার আলাপ-আলোচনা করবে। আশা করছি যে, সে কালকে (১৩ই সেপ্টেম্বর) চলে আসবে।’
সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচের পর তিনদিন ছুটি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই ছুটিতেই দেশে ফেরেন সাকিব ও মুশফিক। এই সময়ের মধ্যে বাংলাদেশের কোনো অনুশীলন হচ্ছে না।