Home Uncategorized মাগুরায় অস্ত্র প্রদর্শনকারী যুবক কারাগারে

মাগুরায় অস্ত্র প্রদর্শনকারী যুবক কারাগারে

17

মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় গত বুধবার জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গ্রেপ্তার হওয়া মো. শাহিনকে (২৫) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার বিকেলে তাকে মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ হুমায়ুন কবির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

আজ রোববার মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে শাহিনকে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া ব্রিজের ওপর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সংঘর্ষের সময় প্রদর্শিত অস্ত্রটি পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি।

ওসি জানান, গ্রেপ্তার হওয়া শাহিন শহরের স্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে। তিনি ওই সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সহসভাপতি বারিউল রহমান রিয়াদের দায়ের করা মামলার অন্যতম আসামি।

তিনি আরও জানান, গত ৬ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে আগ্নেয়াস্ত্র হাতে শাহিনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

ওসি জানান, অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটনের স্বার্থে শাহিনকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ বলেন, ‘৬ সেপ্টেম্বর শহরে স্বেচ্ছাসেবক দলের মিছিল চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতা শাহিন একটি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু এ বিষয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি বারিউল রহমান রিয়াদ বাদী হয়ে বিএনপির ও অংগ সংগঠনের ১০৫ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। শুধু তাই নয়, সেই মামলায় শাহিনকে ৯০ নম্বর আসামি করে বিষয়টি ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই পুলিশি তদন্তে শাহিনের প্রকৃত পরিচয় উঠে আসুক।’

অন্যদিকে, শাহিনের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, ‘আমি সভাপতি হবার পর গত এক বছরে তাকে কোনো মিছিল-সমাবেশে দেখিনি। শুনেছি এক সময় আদর্শ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিন্তু একাধিক অভিযোগে ২০১৯ সালে ওই কমিটি বিলুপ্ত হয়। তারপর থেকে তাকে আমাদের দলীয় আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি। ঘটনার দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন। এটি বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র।’