Home জাতীয় ‘নাঈমের এ অবস্থা দেখে ওরা ভাবছে মারা যায় কিনা’

‘নাঈমের এ অবস্থা দেখে ওরা ভাবছে মারা যায় কিনা’

23

ঢাকা অফিস।।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনীমকে শাহবাগ থানায় নিয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদের বেধড়ক পেটানোর বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী শরীফ আহমেদ মুনীম। বর্তমানে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী শরীফ আহমেদ মুনীম সমকালকে বলেন, ‘আমি, নাঈম ও আমাদের এক বড়ভাই সরকারি কর্মকর্তা বারডেম হাসপাতালে গিয়ে দেখি, এডিসি হারুন এবং আমাদের সঙ্গের বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে একটি কক্ষে গল্প করছেন। পরে জানছি তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে। এ ঘটনায় ওই বড় ভাইয়ের সঙ্গে এডিসি হারুনের বাকবিতণ্ডা হয়। এরপর এডিসি হারুন ফোন করে থানা থেকে ফোর্স নিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘পরে নাঈম ভাইসহ আমাকে শাহবাগ থানার আনা হয়। পরে পরিদর্শকের কক্ষে এসআই ও কনস্টেবলরা আমাদের মারধর করেন। আমাকে হাসপাতালে নেওয়ার সময়ও মারধর করে। আমি পড়ে আছি দেখে তারা ভয় পেয়ে যায়, তাই আর মারেনি। নাঈম ভাইকে রাস্তায় মারেনি। কক্ষে এনে এডিসি হারুন প্রথমে তাকে দুটো চড় দেন। এরপর এসআই কনস্টেবলদের মারতে নির্দেশ দেন। ওরা প্রচণ্ড মারধর করেন। একপর্যায়ে তার দাঁতের অবস্থা খুবই খারাপ ছিল। বুট দিয়ে পাড়ায়ে এবং বেয়নেট দিয়ে সাত-আট একটানা মিনিট মারে।’

তিনি বলেন, ‘পরে সেখানে নিউমার্কেট জোনের কর্মকর্তা শাহেনশাহ মাহমুদ, ডিবির এডিসি রমনা রিপন, এডিসি রমনা মুকুল ও ওসি নুর মোহাম্মদ আসেন। তারা আমাদের পরিচিত। তারা আমাদের এ অবস্থা দেখে খুবই হতবাক হন। নাঈমের অবস্থা দেখে তারা ভাবছে মারা যায় কিনা। বুট দিয়ে পেটের মধ্যে আঘাত করা হয়েছে। তারপর এডিসি মুকুলের গাড়িতে করে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন।’

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেন নাঈম ও শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানা মারধরের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় এডিসি হারুনের বিচারের দাবি করেছেন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।