নিজস্ব প্রতিনিধি।।
তালগাছ রোপণ করে স্মৃতির বাহন হিসেবে বেঁচে থাকতে চান যশোরের চিত্তরঞ্জন দাস। তিনি ১৫ বছর ধরে সড়কের পাশে ও সরকারি পতিত জমিতে তালবীজ রোপণ করে চলেছেন। প্রতিবছর বর্ষার মৌসুমে তিনি নিজ অর্থ ব্যয় করে তালবীজ সংগ্রহ করে তা নিজ হাতে ও শ্রমিক দিয়ে রোপণ করেন। এ পর্যন্ত প্রায় ৫৫ হাজার তালবীজ রোপণ করেছেন বলে জানান তিনি। প্রায় ৪০টি সড়কে তার রোপণ করা তালগাছ এখন দৃশ্যমান।
সম্প্রতি তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অনেকে আসছেন তার তালগাছ দেখতে।
৬০ বছরের চিত্তরঞ্জন দাস যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী (দক্ষিণ) গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। তালগাছ রোপণের ব্যাপারে তিনি বলেন, তালগাছের কোনো কিছুই ফেলনা না। পাকা তাল, চোখ তাল, তালের আঁটির শাঁস, তালের রস-গুড় গ্রামবাংলার মানুষের প্রিয় খাবার। তাছাড়া তাল পাতার পাখা, পাতা ও ডাটা জ্বালানি হিসেবে বেশ গুরুত্ব বহন করে। সর্বোপরি বাড়ি ঘর বানানোর কাজে তাল কাঠের জুড়ি নেই।
তার দৃষ্টিতে উঁচু তালগাছ না থাকায় বাবুই পাখিরা আর বাসা বাঁধে না। এসব দিক বিবেচনায় তিনি তালগাছ বিস্তারের সংকল্প করেন। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তালবীজ রোপণ করে যাবেন বলে ঘোষণা দেন।
চিত্তরঞ্জন দাস জানান, এ পর্যন্ত তিনি প্রায় ৪০টি সড়কে ৫৫ হাজারের মতো তালবীজ রোপণ করেছেন। তার রোপণ করা গাছে দু’এক বছর পরেই ফল ধরবে।
উপজেলার ধোপাদী গ্রামের সড়কগুলোতে দেখা যায়- তার লাগানো সারি সারি তালগাছ মাথা উঁচু করে শোভাবর্ধন করছে। এছাড়া বুইকারা, সরখোলার, সড়াডাঙ্গা, ভবদহের চোমরডাঙ্গাসহ এলাকার প্রায় ৪০টি সড়কে রয়েছে তার রোপণ করা তালগাছ।
চিত্তরঞ্জন দাস বলেন, বিভিন্ন কারণে অনেক গাছ বড় হতে পারেনি। গাছ একটু বড় হলেই অনেকে ডাল-পাতা কেটে নিয়ে যায়। তালপাখা বানানোর জন্য এক শ্রেণির অসাধু লোক পাতা কেটে নিয়ে যায়। আমি একদিন থাকব না, কিন্তু এই তালের চারা আমার স্মৃতি বহন করবে। এ বছরও তিনি কয়েক হাজার তালবীজ কিনেছেন। প্রতিদিন তিনি বীজগুলো বিভিন্ন স্থানে রোপণ করে চলেছেন।
ধোপাদী গ্রামের আয়ুব খান বলেন, আমরা বিলে কাজ করতে যাই। পরিশ্রম হলে তার রোপণ করা তালগাছের ছায়ায় বিশ্রাম নেই।
ধোপাপাড়া গ্রামের হরে কৃষ্ণ মন্ডল বলেন, চিত্ত দাসের লাগানো সারি সারি তালগাছ দেখে আমার খুব ভালো লাগে। তাকে সরকারিভাবে আর্থিক সহায়তার দাবি করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ বলেন, এরই মধ্যে চিত্তরঞ্জন দাসের রোপণকৃত গাছ পরিদর্শন করেছি। দেশের জন্য এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাত প্রতিরোধে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি চিত্তরঞ্জন দাসকে সহযোগিতা করার আশ্বাসের পাশাপাশি পরিবেশ উন্নয়নে সাধারণ মানুষকেও সহযোগিতার আহ্বান জানান।











































