স্পোর্টস ডেস্ক।।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেন লিওনেল মেসি। দলকে চ্যাম্পিয়ন বানানো আলবিসেলেস্তে অধিনায়ক ৭ গোল করে হন আসরসেরা ফুটবলার। বিশ্বকাপ জয়ের ৯ মাস পেরোলেও মেসিকে নিয়ে চলছে আর্জেন্টাইনদের মাতামাতি। এবার দেশটির স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বিশেষভাবে সম্মান জানালো লিওকে। হাজারো বোতলের ছিপি জড়ো করে আর্জেন্টাইন সুপারস্টারের বিশ্বকাপ জয়ের ম্যুরাল তৈরি করলো তারা।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌঁছান লিওনেল মেসি। সেদিনই রাজধানী বুয়েন্স আয়ার্সের শহর গ্র্যান্ড বুর্গের একটি উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা মিলে মেসির ম্যুরাল তৈরি করেন। আর্জেন্টিনা অধিনায়কের বিশ্বকাপ জয়ের সেই ম্যুরালের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্কুলটির শিক্ষক সেবাস্তিয়ান রামিরেজ লিখেন, ‘সর্বকালের সেরার প্রতি সম্মাননা।’ মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটিতে দেখা যায়, স্কুলের শিক্ষার্থীরা বাক্স থেকে কালো, আকাশী, সাদা এবং সোনালী রংয়ের বোতলের ছিপি বের করছেন। এরপর ফ্লোরে বানানো অঙ্কিত মেসির আকৃতিতে বসাচ্ছে সেই ছিপিগুলো। ছবিটিতে দেখা যায়, এক হাতে বিশ্বকাপের সোনালী ট্রফি হাতে হাসছেন মেসি। নিচে লেখা আছে, ‘তোমাকে ধন্যবাদ অধিনায়ক।’ তার নিচে আর্জেন্টিনার তিন বিশ্বকাপ জয়ের সিম্বল ‘থ্রি স্টার’।
আর তার নিচে কার্টুনের আদলে মেসির আরেকটি ছোট্ট ম্যুরাল।











































