Home খেলাধুলা মালদ্বীপের বকেয়া নিয়ে সভায় বসছে সাফ

মালদ্বীপের বকেয়া নিয়ে সভায় বসছে সাফ

13

স্পোর্টস রিপোর্টার।।
২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল মালদ্বীপে। ২০২৩ সালে জুনে সাফের পরবর্তী আসর বসে ভারতের বেঙ্গালুতে। দুটি আসরেই চ্যাম্পিয়ন হয় ভারত। চলতি বছর ভারতে অনুষ্ঠিত আসরের সকল দেনা পাওনা মিটিয়ে দেয়া হলেও মালদ্বীপের প্রাইজমানি পায়নি চ্যাম্পিয়ন রানার্সআপরা। অংশ নেয়া অন্য দলগুলোর ফি’ও বাকি। সবকিছুই আটকে রয়েছে আয়োজক স্বত্ব কেনা মালদ্বীপের ওপর। এখনো পর্যন্ত তারা অর্থ পরিশোধ না করায় প্রাইজমানি ও অংশগ্রহণ ফি দিতে পারছে না সাফ। সাফ সচিবালয় সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের স্বত্ব নেয়া মালদ্বীপ ফুটবল এসোসিয়েশনের কাছে সাফের পাওনা তিন লাখ ডলারের বেশি। সাফ মালদ্বীপ ফুটবল এসোসিয়েশনকে এই অর্থ প্রেরণে বার বার চিঠি দিয়েছে। কিন্তু তাদের কাছ থেকে সেই অর্থ পায়নি তারা।

তাই এ বিষয়ে ১৬ই সেপ্টেম্বর এক সভার আয়োজন করছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘১৬ই সেপ্টেম্বর ঢাকায় সাফের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে মালদ্বীপের কাছে পাওনা অর্থ কীভাবে পাওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। তাছাড়া আগামী বছরের বর্ষপঞ্জি নির্ধারিত হবে। পাশাপাশি সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হবে সেখানে মার্কেটিং পার্টনারের প্রতিনিধিও উপস্থিত থাকবে।’ ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে তিনি বলেন, ‘আগামী বছর জুন-জুলাইয়ে ক্লাব চ্যাম্পিয়নশিপের জন্য একটা প্রাথমিক সূচি প্রস্তাবিত রয়েছে। সাত দেশের সাত লীগ চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশের একটি ক্লাব অতিরিক্ত নিয়ে আট দল নিয়ে করার পরিকল্পনা। হোম অ্যান্ড অ্যাওয়ে না এক ভেন্যুতে সেটা নির্ভর করবে নানা বিষয়ের ওপর।’