Home খেলাধুলা মেসিদের বিপক্ষে খেলা সেই গিলবার্তো গুলিতে নিহত

মেসিদের বিপক্ষে খেলা সেই গিলবার্তো গুলিতে নিহত

16

স্পোর্টস ডেস্ক||

কাতার বিশ্বকাপের শিরোপা জেতার পর পানামার বিপক্ষে এ বছরের মার্চে প্রথম খেলতে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। পানামার সেই দলে ডিফেন্ডার হিসেবে খেলেছিলেন ১৪ নম্বর জার্সিধারী গিলবার্তো হার্নান্দেজ। পানামার কোলন শহরে স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। খবর বিবিসির।

প্রতিবেদন অনুযায়ী, শহরটির একটি ভবনে কয়েকজন ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। গুলির শিকার ওই লোকদের মধ্যে ছিলেন গিলবার্তো। হামলায় তিনি ছড়াও সাতজন আহত হয়েছেন। তবে এটি এখনও স্পষ্ট নয়, গিলবার্তোকে উদ্দেশ্য করে সেই হামলাটি করা হয়েছে কি না বা হামলার উদ্দেশ্য কী ছিল।

গত কয়েক মাস ধরেই প্রতিদ্বন্দ্বী দুই গ্যাং দলের মধ্যে মাদক চোরাচালান পথের নিয়ন্ত্রণ নিয়ে কোলন শহরে খুনোখুনির ঘটনা বাড়ছে। এখনো পর্যন্ত চলতি বছরে ৪০ হাজার মানুষের এই শহরে ৫০ জনের বেশি মানুষ খুন হয়েছে। এই বন্দর শহরটি মাদক চোরাচালানের ট্রানজিট হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।

 

বিবিসির খবরে জানা যায়, বন্দুকধারী দুই ব্যক্তি এক ট্যাক্সি ড্রাইভারকে ওই ভবনে নিয়ে যেতে বাধ্য করেন। পরে ওই ব্যক্তিদের ওপর এলোপাতাড়ি গুলি চালান। এরপরই ঘটনাস্থল থেকে সঁটকে পড়েন তারা।

পানামা জাতীয় দলের হয়ে এ বছরের মার্চেই গুয়াতেমালার বিপক্ষে অভিষেক হয়েছিল গিলবার্তোর। পরে আর্জেন্টিনার বিপক্ষেও দ্বিতীয়ার্ধে খেলেন রক্ষণভাগের এই খেলোয়াড়। গিলবার্তোর মৃত্যুতে শোক জানিয়েছে পানামার ফুটবল ফেডারেশন।