স্পোর্টস ডেস্ক||
এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে জ্বর শুরু হয় লিটন দাসের। তাই মূল দলের সঙ্গে শ্রীলংকা যেতে পারেননি তিনি। তবে জ্বর সেরেছে লিটনের। বাংলাদেশও উঠে গেছে সুপার ফোরে। সেই ম্যাচে খেলার জন্য আজ সোমবার রাতে লিটন পাকিস্তান যাচ্ছেন বলে খবর বেরিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে লিটনের পাকিস্তান যাত্রার খবর শুনে বিস্মিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বিশ্বকাপের দল নিয়ে কথা বলতে আজ সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন পাপন। সেখানে সাংবাদিকদের কাছ থেকে লিটন দাসের পাকিস্তান যাত্রার খবর শুনে বিস্মিত হয়ে যান বিসিবি সভাপতি।
পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আমার জানা নেই ও (লিটন) যাচ্ছে। ও যাচ্ছে এই খবর শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, আমি ওর আপডেট সম্পর্কে প্রায়ই খোঁজ নিয়েছি। তবে ও যে যাচ্ছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম।’
এ সময় উপস্থিত সাংবাদিকরা পাপনকে জানান, আজ রাত নয়টায় যাচ্ছেন লিটন। তখন পাপন বিস্ময়ের সঙ্গে বলেন, যাচ্ছে! আশ্চর্য, আজকে তো এখানে আমাদের নির্বাচকরাও এসেছিল, তারাও তো আমাকে কিছু বলেনি।’
লিটনের যাত্রা নিয়ে জটিলতার কথাও উল্লেখ করেছেন পাপন ‘কীভাবে যাবে? (আমার) অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে। এসিসিরও (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) তো অনমোদন লাগবে। আমার সাথে ক্যাপ্টেন (সাকিব আল হাসান), কোচ (চান্দিকা হাতুরাসিংহে), (আব্দুর) রাজ্জাক এবং জালাল (ইউনুস) ভাইয়ের কথা হয়েছে, কেউ আমাকে কিছু বলেনি।’











































