Home খেলাধুলা সুপার ফোরে যে সমীকরণে প্রথমেই বাংলাদেশের সামনে পাকিস্তান

সুপার ফোরে যে সমীকরণে প্রথমেই বাংলাদেশের সামনে পাকিস্তান

20

স্পোর্টস ডেস্ক||

হারলেই বাদ, আর বড় ব্যবধানে জিতলে সরাসরি সুপার ফোর। জয়ের ব্যবধান ছোট হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠেয় গ্রুপপর্বের শেষ ম্যাচে। এমন সমীকরণ নিয়েই গতকাল রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে বড় ব্যবধানে জিতে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোর নিশ্চিত করে সাকিব আল হাসানের দল।

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। এখন প্রশ্ন জাগতে পারে, গ্রুপপর্বের খেলাই এখনো শেষ হয়নি। তাহলে, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কারা সেটি এখনই কীভাবে নিশ্চিত হলো?

এই প্রশ্নের উত্তর সহজ করে দেওয়া হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। মূলত, পাকিস্তানে খেলা নিয়ে ভারতের আপত্তির কারণেই সুপার ফোরের খেলা নিয়ে একটি সিদ্ধান্তে আসে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সুপার ফোরের একটি ম্যাচ পাকিস্তানে হবে। ভারতের ম্যাচ যাতে পাকিস্তানে না পড়ে সেজন্যই এই সিদ্ধান্ত।

হিসাব অনুযায়ী, পাকিস্তান, ভারত ও নেপালকে নিয়ে গঠিত গ্রুপ ‘এ’ থেকে যদি পাকিস্তান ও ভারত সুপার ফোরে খেলে তাহলে ‘এ১’ হবে পাকিস্তান আর ‘এ২’ হবে ভারত। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের অবস্থান কোনো প্রভাব ফেলবে না। ভারত বা পাকিস্তানকে চমকে নেপাল যদি সুপার ফোর খেলে তাহলে বাদ যাওয়া দলের স্থানে বসবে নেপালের নাম।

 

আর শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানকে নিয়ে গঠিত ‘বি’ গ্রুপ থেকে যদি শ্রীলংকা ও বাংলাদেশ সুপার ফোরে খেলে তাহলে শ্রীলংকা হবে ‘বি১’ ও বাংলাদেশ হবে ‘বি২’। পয়েন্ট টেবিলের অবস্থান কোনো ভূমিকা রাখবে না এক্ষেত্রে। আর এই দুই দলের কোনো একটিকে টপকে যদি আফগানিস্তান সুপার ফোরে খেলে তাহলে বাদ যাওয়া দলের স্থানে বসবে তাদের নাম।

বাংলাদেশ এরই মধ্যে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে পাকিস্তানও। তাই লাহোরে আগামী ৬ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এজন্য আফগানিস্তানের ম্যাচের পর লাহোরেই অবস্থান করছেন সাকিব আল হাসানরা।