স্পোর্টস ডেস্ক||
দারুণ ছন্দে শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নেপাল। রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজের তোপে অলআউট হয়ে গেছে ২৩০ রানে। শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে ২৩১ রানের লক্ষ্যে নামবে ভারত।
নেপালকে অল্প রানে বেধে ফেলার আশায় এদিন টস জিতে ফিল্ডিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সন্তান হওয়ায় আজকের ম্যাচে নেই জাসপ্রিত বুমরাহ। তার অভাব বেশ ভালোভাবেই টের পেল ভারত। মোহাম্মাদ সিরাজ-মোহাম্মদ শামিদের ছন্নছাড়া বোলিংয়ে একের পর এক বাউন্ডারি আদায় করে নেন নেপালের ব্যাটারা। ফিল্ডিংও ছিল যাচ্ছেতাই। প্রথম ৫ ওভারের মধ্যেই মিস হয় তিনটি সহজ ক্যাচ। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়েই তুলেছে ৬৫ রান।
৬৫ রানের মাথায় শার্দূল ঠাকুরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ভয়ঙ্কর হয়ে ওঠা কুশল ব্রুটেল। যাওয়ার আগে ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন তিনি। এরপর শুরু হয় বাঁহাতি স্পিনার জাদেজার তোপ। ৭৭ রানের মাথায় ভিম শারকিকে ফেরানোর পর ৯৩ রানের মাথায় জাদেজা ফেরান নেপাল অধিনায়ক রোহিত পাউডেলকে। ১০১ রানের মাথায় কুলশল মাল্লাকেও আউট করে দেন জাদেজা। আর ১৩২ রানের মাথায় ভয়ঙ্কর হয়ে আসিফকে ফেরান সিরাজ। ১৪৪ রানের মাথায় গুলশান ঝাকেও ফেরান সিরাজ।
এরপর সপ্তম উইকেটে দারুণ এক জুটি গড়েন দিপেন্দ্র সিং আয়ার ও সোমপাল কামি। জুটিতে ৫০ রান পূর্ণ হওয়ার পরই হার্দিক পান্ডিয়ার বলে লেগ বিফোর হন দিপেন্দ্র। ২২৮ রানের মাথায় হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকা অবস্থায় ফেরেন সোমপাল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের ১০ বল আগেই ২৩০ রানে অলআউট হয় নেপাল।
শ্রীলংকার পাল্লেকেলেতে বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচামরার। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে নেপালকে পাকিস্তান হারায়। ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি ড্র হলে সুপার ফোরে উঠে যায় পাকিস্তান। এই ম্যাচে যারা জিতবে তারাই খেলবে সুপার ফোরে।











































